পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় দেশটির সেনাবাহিনী পরিচালিত একটি অভিযানে ভারতপন্থি ২২ অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (১৯ মে) আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, শুরুতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রধারীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর ১৭ মে থেকে ওই এলাকায় ‘স্যানিটাইজেশন অপারেশন’ শুরু করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনী অস্ত্রধারীদের অবস্থান ঘিরে ফেলে এবং তীব্র গোলাগুলির পর ২২ জনকে হত্যা করে। খবর দ্য নিউজের।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
আইএসপিআর দাবি করেছে, অস্ত্রধারীরা স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের নিরাপদ চলাচলের জন্য ব্যবহার করত। এ ধরনের কর্মকাণ্ডকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে উল্লেখ করেছে পাকিস্তান সেনাবাহিনী।
সেনাবাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণগতিতে চলবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো একযোগে কাজ চালিয়ে যাবে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সীমান্ত তীরবর্তী সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার এখন পর্যন্ত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলায় জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি।
এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ‘গাজাব লিল-হক’ নামে নতুন সামরিক অভিযান শুরু করে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে সীমান্ত সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু একাধিক দফা আলোচনা হলেও এখনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



