পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক নারী সদস্যের ‘হানিট্র্যাপে’ পড়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে। এই অভিযোগের জেরে তাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ওই নারী পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩০ মে ওই বিমানবাহিনী কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দিল্লির একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারের পর ওই পাইলট জামিনের আবেদন করেননি।
বিমানবাহিনী সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, পাকিস্তানি এক নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ওই পাইলট জড়িয়ে পড়েছেন বলে জানতে পারে বিমানবাহিনী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের ধারণা, ওই কর্মকর্তা পাকিস্তানের একটি বড় গোয়েন্দা নেটওয়ার্কের ফাঁদে পড়েছিলেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। সে সময় ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ওই পাইলট।
ওই নারীর সঙ্গে যোগাযোগের পর তাদের নিয়মিত মেসেজ আদান-প্রদান ও ভিডিও কল শুরু হয়। একপর্যায়ে তিনি বিমানবাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ওই নারীর কাছে পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে ঠিক কী ধরনের তথ্য ফাঁস করা হয়েছে, তা প্রকাশ করেনি ভারতীয় কর্তৃপক্ষ। তদন্তকারীরা অবশ্য এসব তথ্যকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
এদিকে, পাইলটের ব্যবহৃত একটি মোবাইল অ্যাপ নিয়েও তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, তিনি এক সহকর্মীকে তার ফোনে ওই অ্যাপটি ইনস্টল করে দিতে বলেছিলেন। তদন্তকারীদের সন্দেহ, অ্যাপটির মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্ক তার মোবাইলের নিয়ন্ত্রণ নেওয়া বা তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বর্তমানে ওই অ্যাপ, মোবাইল ডিভাইস এবং পাইলটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগের তথ্য বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এর মাধ্যমে তথ্য ফাঁসের পুরো প্রক্রিয়া এবং এর পেছনে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



