
সোমবার পর্যন্ত ভারতে ২৭ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮ শতাধিক মানুষের। দেশটিতে দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ প্লাজমা থেরাপির মাধ্যমে করোনাভাইরাসের চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে। প্লাজমা থেরাপি পদ্ধতিতে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা কোনও রোগীর রক্তের প্লাজমা আক্রান্তের দেহে ইনজেক্ট করা হয়। ফলে ওই রোগীর দেহেও অ্যান্টিবডি গড়ে ওঠে, যা করোনা প্রতিরোধে সহায়তা করে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করেছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত যারা সুস্থ হয়েছেন তারা যেন নিজেদের রক্তের প্লাজমা দান করেন। এই আহ্বানের পর দিল্লির সুলতানপুরি সেন্টারে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়ে ওঠা চারজন তাবলিগ জামাত সদস্য নিজেদের রক্তের প্লাজমা দান করেন। তাবলিগ জামাতের প্রধান মাওলানা সা’দও জামাত সদস্যদের প্লাজমা দান করার জন্য আহ্বান জানিয়েছেন।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা তিন শতাধিক তাবলিগ জামাতের সদস্য দিল্লি সরকারের কনসেন্ট সেন্টারে নিজেদের প্লাজমা দান করার জন্য আবেদন করেছেন।
সূত্র মতে, এদের মধ্যে নরেলা সেন্টারে ১৯০ জন, সুলতানপুরি সেন্টারে ৫১ জন, মঙ্গলপুরি সেন্টারে ৪২ জন তাবলিগ জামাত সদস্য নিজেদের রক্তের প্লাজমা দান করতে চলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



