ভারতের উত্তর প্রদেশে প্রবল শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও বজ্রপাতে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজ্যের ২৫টি জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার ঋষিকেশ ভাস্কর যশোদের কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে প্রয়াগরাজ জেলায়, যেখানে ২১ জন মারা গেছেন। এছাড়া মির্জাপুরে ১৯ জন, সন্ত রবিদাসনগরে ১৬ জন এবং ফতেহপুরে ১১ জনের মৃত্যু হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন এলাকায় ১৭০টি গবাদিপশুর মৃত্যু এবং অন্তত ২২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ত্রাণ কমিশনার জানান, ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে জেলার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে বেরেলি জেলার ভামোরা এলাকায় ঝড়ের তাণ্ডবে এক ব্যক্তি টিনের চালসহ প্রায় ৫০ ফুট ওপরে উঠে যান বলে জানা গেছে। পরে তিনি একটি ভুট্টাখেতে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে হতাহত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


