চুয়াডাঙ্গার জীবননগরে কৃষিতে নতুনত্ব এনে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা সজল আহমেদ। প্রচলিত ফল চাষের বাইরে গিয়ে ভিয়েতনামের আঠাবিহীন বারোমাসি লাল কাঁঠাল চাষ করে এলাকায় সৃষ্টি করেছেন নতুন আগ্রহ ও সম্ভাবনা।

উপজেলার মানিকপুর গ্রামের এই তরুণ উদ্যোক্তা দীর্ঘদিন ধরে নিজের বাগানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফল চাষ করছেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত করেছেন ভিন্নধর্মী জাতের ভিয়েতনামি লাল কাঁঠাল। ব্যতিক্রমী রং, স্বাদ ও বৈশিষ্ট্যের কারণে অল্প সময়েই তার এই কাঁঠাল বাগান মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সজলের বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে গাছে ঝুলে থাকা আকর্ষণীয় লালচে-গোলাপি রঙের কাঁঠাল। প্রচলিত কাঁঠালের তুলনায় দেখতে আলাদা হওয়ায় প্রথম দেখাতেই নজর কাড়ে এই ফল। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন ব্যতিক্রমী এই কাঁঠাল দেখতে এবং চাষ পদ্ধতি সম্পর্কে জানতে।
এই জাতের কাঁঠালের বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে কোনো আঠা থাকে না। ফলের কোষ লালচে-গোলাপি রঙের, স্বাদে মিষ্টি এবং দেখতে বেশ আকর্ষণীয়। বারোমাসি জাত হওয়ায় বছরের বিভিন্ন সময়ে ফল পাওয়ার সুযোগ রয়েছে। ফলে বাণিজ্যিকভাবে এই? জাতের কাঁঠাল চাষে নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা।
নতুন কিছু করার ইচ্ছা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষিক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করেছেন সজল আহমেদ। তার এই উদ্যোগ এখন স্থানীয় কৃষকদের মাঝেও আগ্রহ তৈরি করেছে। অনেকেই তার বাগান দেখে আধুনিক ফল চাষের প্রতি উৎসাহিত হচ্ছেন।
কৃষি উদ্যোক্তা সজল আহমেদ বলেন, “বাংলাদেশে সর্বপ্রথম আমাদের জীবননগরে এই কাঁঠাল চাষ শুরু করেছি। আমরা এই কাঁঠালের পাঁচটি ভ্যারাইটি (জাত) এনেছি। এই কাঁঠাল দেখতেও খুবই সুন্দর। শিশু থেকে শুরু করে সবাই এটি পছন্দ করে। দেখতে অনেকটা স্ট্রবেরির মতো।”
তিনি আরও বলেন, “কাঁঠাল আস্তে আস্তে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। এই জাতের কাঁঠাল আমরা দেশের সব প্রান্তে ছড়িয়ে দিতে পারলে এটি ভালো লাভজনক হবে। এই কাঁঠাল বাড়ির ছাদেও চাষ করা যায়। দূর-দূরান্ত থেকে অনেকেই আমার এই কাঁঠাল বাগান দেখতে আসছেন।”
এদিকে কৃষি বিভাগ বলছে, আধুনিক কৃষি পদ্ধতি ও নতুন জাতের ফল চাষে তরুণদের অংশগ্রহণ কৃষির জন্য ইতিবাচক। এ ধরনের উদ্যোগ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করতে পারে।
জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, “কৃষি উদ্যোক্তা সজল আহমেদসহ দুজন ভিয়েতনামের এই কাঁঠাল চাষ শুরু করেছেন। আমি তাদের বাগান পরিদর্শন করেছি এবং কাঁঠাল খেয়েছি। এটি কিছুটা ঝাঁঝালো ধরনের হলেও স্বাদ ভালো। আমরা তাদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। সব ধরনের সহযোগিতা করা হবে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ব্যতিক্রমী চিন্তা ও আধুনিক কৃষির প্রতি আগ্রহের কারণে সজল আহমেদের এই লাল কাঁঠাল চাষ এখন জীবননগরের কৃষিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার সফলতা ভবিষ্যতে আরও অনেক তরুণকে কৃষি উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



