Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ প্রযুক্তিতে একযোগে কাজ করবে তুরস্ক ও রাশিয়া। এমনটিই বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এছাড়া জেট ইঞ্জিন, জাহাজ, যুদ্ধবিমান ও সাবমেরিনের উন্নয়নেও মস্কোর সঙ্গে কাজ করবে আঙ্কারা। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরদোয়ান।

এরদোয়ান বলেন, বুধবার রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ শহর সোচিতে পুতিনের সঙ্গে তার আন্তরিক ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে তুরস্কে আরও রাশিয়ান পারমাণবিক চুল্লি নির্মাণসহ সম্ভাব্য যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের তীব্র চাপ সত্ত্বেও রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ব্যাচ কেনারও অঙ্গীকার করেন এরদোয়ান।

তিনি বলেন, এস-৪০০-এর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এক পা পিছিয়ে যাওয়া বা এমন কিছু করার প্রশ্নই উঠে না।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে আলাপকালে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ-ও দুই দেশের মধ্যে আরও সহযোগিতার কথা বলেন।

তিনি বলেন, দুই নেতা সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাব্য ধারাবাহিকতা এবং এস-৪০০ ও অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দীর্ঘদিনের সদস্য তুরস্ক। তবে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে আঙ্কারার সম্পর্কের অবনতি ঘটেছে। ক্ষমতায় আসার আগেই এক সাক্ষাৎকারে এরদোয়ানকে একনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তুরস্কে এরদোয়ান বিরোধীদের সমর্থন দেওয়ার কথাও বলেছিলেন তিনি। এ বছরের গোড়ার দিকে আঙ্কারাকে যুক্তরাষ্ট্রের ‌‘তথাকথিত’ অংশীদার হিসেবে আখ্যায়িত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মূলত আঙ্কারার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতেই বুধবার রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ শহর সোচিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হন এরদোয়ান।

তথ্যসূত্র: ফিনান্সিয়াল টাইমস, রয়টার্স।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.