পাঁচ মেয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে বিপাকে পড়েছেন মজিনা বেগম (৫৫) মোসলেম সরকার (৬২)। দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ চাওয়া নিয়ে বাবার সঙ্গে তার বড় মেয়ে বিউটি বেগমের দ্বন্দ্ব চলছে। এ ঘটনার জেরে গতকাল সোমবার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে বাবা-মাকে তালাবদ্ধ রেখে ভাড়া দেওয়া দুটি গুদামঘর ভাঙচুর করেন তিনি। নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় ঘটেছে এমন ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে সন্তান না থাকায় মোসলেম সরকার তার বিবাহিত পাঁচ মেয়ে বিউটি, তানিয়া, বেনা, রাবেয়া ও কুলসুমের নামে স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দেন। ৫৯ শতাংশ এ সম্পত্তির ওপর একটি একতলা পাকা বাড়ি, ৩টি গুদাম ও একটি মিল রয়েছে। এখান থেকে আয়ে চলে মোসলেম সরকারের জীবন-জীবিকা।
সম্পত্তি লিখে দেওয়ার কিছুদিন না যেতেই বড় মেয়ে বিউটি বেগম তার সম্পত্তি বুঝে চান বাবার কাছে। এ নিয়ে বাবা ও মেয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। দিশেহারা মোসলেম সম্পত্তি ফেরতের দাবিতে বড় মেয়ের বিরুদ্ধে কোর্টে মামলা করেন। এতে বড় মেয়ে বাড়ির মেইন ফটকে তালা দিয়ে বাবা-মাকে গৃহবন্দি রেখে ভাড়া দেওয়া দুটি গুদামে ভাঙচুর চালায়।
এ বিষয়ে বড় মেয়ে বিউটি বেগম বলেন, ‘বাবার কাছে বারবার সম্পত্তি চাইলে তিনি সেটা দিতে নারাজ। এ জন্য আমার নামে মামলাও করেছেন।’
মোসলেম সরকার বলেন, ‘আমি সহজ সরল মনে পাঁচ মেয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দিই। লিখে দেওয়ার সময় বলি, যতদিন বেঁচে থাকব, ততদিন কিন্তু সম্পত্তি আমিই ভোগ করব। আমার চার মেয়ে সেটা মানলেও বড় মেয়ে সেটা মানতে নারাজ।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, এ বিষয়ে থানায় দুটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র ও ছবি : কালবেলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



