উলশী খাল পুনঃখননের সূচনা করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকাল সোয়া ১০টায় সরকারপ্রধান যশোর বিমান বন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সোয়া ১০টায় যশোরে পৌঁছেছেন।
“এখান থেকে প্রধানমন্ত্রী যাবেন সার্কিট হাউজে। সেখান থেকে উলশী খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।”
এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন।
যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে আছে—যশোরের শার্শায় উলশী খাল (জিয়া খাল) খনন কর্মসূচির উদ্বোধন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যোগদান।
‘জিয়া খাল’ উলশী ও রঘুনাথপুর গ্রামের মুখ থেকে শুরু হয়ে যদুনাথপুর গ্রাম পর্যন্ত বিস্তৃত। উলশী যদুনাথপুর সারথী প্রকল্পের অংশ হিসেবে ১৯৭৬ সালের ১ নভেম্বর জিয়াউর রহমান এই খাল খননের কাজ শুরু করেছিলেন।
আরও পড়ুনঃ
আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল
বাবার মতোই নিজে কোদাল দিয়ে মাটি কেটে গত ১৬ মার্চ দিনাজপুর থেকে সারাদেশে খাল খনন কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। এরপর গত ২০ এপ্রিল পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে খাল খনন কর্মসূচিতে অংশ নেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, যশোরের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


