বগুড়ার গাবতলী উপজেলায় বাজারমূল্যের চেয়ে কম দামে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাবতলী উপজেলার গাবতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর আহ্বানে সাড়া দিয়ে গাবতলীর সাবেক মেয়র সাইফুল ইসলাম–এর উদ্যোগে এবং সায়মা অ্যাগ্রো ফার্ম–এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, বগুড়া জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা তরিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কম দামে দুধ-ডিম পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রাবেয়া খাতুন, শিল্পী বেগম ও আজিজুল হাকিম বলেন, হাটবাজারে দুধের দাম ৭০ থেকে ৮০ টাকা হলেও অনেক সময় তাতে ভেজাল থাকে। সেখানে ৫০ টাকা লিটার দরে দুধ পাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য বড় স্বস্তি। ডিম ও গরুর মাংসও বাজারদরের তুলনায় কম দামে মিলছে। এতে রমজানে পরিবার পরিচালনায় সুবিধা হবে বলেও তারা জানান।
সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, রমজান মাসজুড়ে গাবতলী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। প্রতিদিন ৫০ টাকা লিটার দরে দেড়শ লিটার দুধ, ৩০ টাকা হালি দরে পাঁচ শতাধিক ডিম এবং ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে।
গাবতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বলেন, এ উদ্যোগ প্রশংসনীয়। এতে নিম্ন আয়ের মানুষ কম দামে পুষ্টিকর খাদ্য পাচ্ছেন, যা রোজা পালনে সহায়ক। এমন উদ্যোগ জেলাজুড়ে ছড়িয়ে পড়লে সব শ্রেণির মানুষ উপকৃত হতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


