জুমবাংলা ডেস্ক : রাজধানীর সূত্রাপুরে ৪৪ নম্বর ওয়ার্ডের তনুগঞ্জ লেনের কুলুটোলায় হেলে পড়া ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১৯ আগস্ট ওই এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামের ৬ তলা ভবনটি হেলে পড়ে। ঘটনার পরপরই ভবনটি সীলগালা করে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় আগামীকাল (২৮ আগস্ট) থেকে এটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করবে ডিএসসিসি।
আজ শুক্রবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। ১৯ আগস্টেই উদ্ধারকাজ শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টানায় ডিএসসিসি। এরপর রাজউকের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর জেলা প্রশাসন ভবনটি সীলগালা করে।
আবু নাছের জানিয়েছেন, আগামীকাল দুপুর থেকে শুরু হবে ভাঙার কাজ। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে।
এর আগে ১৯ আগস্ট পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলায় একটি ৬ তলা ভবন হেলে পড়েছে। হেলে পড়া ভবনটি তনুগঞ্জ লেনের-৪৭/২ হাজী বাড়ী নাম পরিচিত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনে। ভবন হেলে পড়ার খবর পেয়ে সেখান থেকে আটকে পড়া একজন প্যারালাইজড রোগীকেও উদ্ধার করে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার নাম বাবুল রায় রতন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


