Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা এখন স্বীকার করছেন।

এর আগে জানা গিয়েছিল তিন জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। দু’পক্ষ থেকেই মধ্যে হতাহতের দাবি করা হচ্ছিল। খবর বিবিসি বাংলার।

কিন্তু মঙ্গলবার দিনের আরো পরের দিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে আহত বেশ ক’জন সেনা প্রাণত্যাগ করেছে।

চীনের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোন তথ্য জানা যায়নি।

ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ১৭ জন ভারতীয় সৈন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে ঘটা ওই সংঘর্ষে গুরুতর আহত হয়, এবং পরে মৃত্যুবরণ করে।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ভারতীয় সৈন্যদের পিটিয়ে হত্যা করা হয়, কিন্তু সামরিক বাহিনী এখবর নিশ্চিত করেনি।

তবে দু পক্ষই বলছে, এই সংঘর্ষে কোন আগ্নেয়াস্ত্র ব্যহার করা হয়নি।

ভারতের বার্তা সংস্থা এএনআই বলছে, ভারতীয়দের পাওয়া তথ্যে চীনের দিকে ৪৩ জন হতাহত হবার খবর জানা গেছে।

ভারতের প্রথম বিবৃতিতে চীনের দিকেও হতাহত হবার কথা বলা হয়েছিল তবে চীন এখন পর্যন্ত এরকম কিছু নিশ্চিত করেনি।

এএনআই বলছে, তাদের কিছু সূত্র জানিয়েছে যে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

অভিযোগের আঙ্গুল পরষ্পরের দিকে
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছে, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) মেনে চলার জন্য গত সপ্তাহে দু‌’পক্ষের মধ্যে যে ঐকমত্য হয়েছিল চীন তা ভঙ্গ করেছে।

ভারতীয় বিবৃতিকে উদ্ধৃত করে বিবিসি জানাচ্ছে, চীনা পক্ষ একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করলে এক সহিংস সংঘাত ঘটে।

চীন তাদের দিক থেকে কেউ হতাহত হবার কথা না বললেও ভারতের বিরুদ্ধে সীমান্ত পার হয়ে চীনা অংশে ঢুকে পড়ার অভিযোগ আনে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত সোমবার দু’দফায় সীমান্ত লংঘন করে, উস্কানি দেয় এবং চীনের সৈন্যদের আক্রমণ করে। এর ফলে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে হাতাহাতি হয়।

দু’দেশের সমারিক বাহিনীর মধ্যে সর্বশেষ প্রাণঘাতী সংঘাত হয়েছিল ১৯৭৫ সালে। সে সময় অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তের খুব কাছে চীনা বাহিনীর চালানো এক হামলায় ভারতের আসাম রাইফেলসের চারজন জওয়ান নিহত হয়।

মঙ্গলবার আগের দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দু’জন সেনা জওয়ান নিহত হন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছিল।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি টুইট করেছে, বেইজিং অভিযোগ করেছে যে ভারত সীমান্ত অতিক্রম করে চীনা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানকে উদ্ধৃত করে জানানো হয়েছে, চীনের অভিযোগ সোমবার ভারত দুই দফা সীমান্ত অতিক্রম করে “চীনের সৈন্যদের উস্কানি দিয়েছে এবং তাদের ওপর হামলা চালিয়েছে, যার ফলস্বরুপ এই প্রাণঘাতী সংঘর্ষ ঘটেছে।”

এখন ঘটনাস্থলে (গালওয়ান ভ্যালি) পারমানবিক শক্তিধর দুটি দেশের উর্ধতন সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টায় আলোচনা চালাচ্ছেন বলেও জানানো হয়েছে।

যার অর্থ, গত রাতের সংঘর্ষের পর এখন আলোচনার মাধ্যমে একটা মিটমাটের চেষ্টা চলছে।

গত প্রায় দেড় মাস ধরেই লাদাখের ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) দু‌’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে, দুই দেশের সেনাবাহিনীও মুখোমুখি অবস্থান নিয়েছে।

কোনও কোনও সামরিক বিশ্লেষক জানিয়েছেন, একটা পর্যায়ে চীনা সৈন্যরা এলএসি অতিক্রম করে ভারতীয় ভূখন্ডের ভেতর প্রায় ৪০ থেকে ৬০ কিলোমিটার ঢুকে পড়েছিল – যদিও আনুষ্ঠানিক পর্যায়ে ভারত এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।

১৯৬২ সালে চীন এবং ভারতের মধ্যে একমাত্র যুদ্ধটি হয়েছিল, আর ভারত তাতে পরাজিত হয়েছিল।

ভারতের অভিযোগ, চীন দেশটির ৩৮,০০০ বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে।

গত তিন দশকে বিরোধপূর্ণ ভূখণ্ড এবং সীমান্ত সংকট নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে।

গত মে মাসে, করোনাভাইরাস মহামারির মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম সীমান্তে চীনের বাড়তি সেনা মোতায়েনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সরাসরি সংঘর্ষেও গড়ায়।

২০১৭ সালে, বিতর্কিত মালভূমিতে চীন তার সীমান্ত সড়ক বাড়ানোর চেষ্টা করলে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়।

চীন এবং ভারত দুটি দেশই সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম বৃহত্তর, এর আগে বেশ কয়েকবারই তারা সীমান্তে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুই দেশের মধ্যকার যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অর্থাৎ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি সেটিও অত্যন্ত দুর্বল।

দুই দেশের মধ্যে বেশ কয়েকটি নদী, হ্রদ এবং শৈলপ্রবাহ প্রবাহিত হয়েছে, যার মানে হচ্ছে সীমানা যেকোনো সময় বদলে যেতে পারে, যা ভবিষ্যতে আরো সংঘর্ষের উস্কানি হিসেবে কাজ করবে।

সীমান্তে উত্তেজনার কারণ
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার কয়েকটি কারণ রয়েছে।

ভারত সম্প্রতি লাদাখের একেবারে প্রত্যন্ত এলাকায় একটি নতুন রাস্তা বানিয়েছে, যাতে কোন সংঘর্ষ হলে ওই রাস্তা দিয়ে দিল্লি সহজেই সীমান্ত এলাকায় সৈন্য এবং মালামাল পাঠাতে পারবে।

বিশ্লেষকেরা মনে করেন ওই এলাকার অবকাঠামো যে ভারত নতুন করে ঢেলে সাজাতে চাইছে, তার ফলেই ক্ষিপ্ত হয়ে উঠেছে চীন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.