
জুমবাংলা ডেস্ক : শরীয়তপুর জেলা কারাগার থেকে লিটন সিকদারের বদলে জামিনে বেরিয়ে গেছেন লিটন ফরাজী নামের আরেক আসামি। এ ঘটনায় মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে কারারক্ষী মোহাম্মদ ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ৪ এপ্রিল (রবিবার) সন্ধ্যায় শরীয়তপুর কারাগারে এ ঘটনা ঘটে। ৫ এপ্রিল (সোমবার) পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীয়তপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার আমিরুল ইসলাম।
এতে বলা হয়েছে, ৪ এপ্রিল সন্ধ্যায় তিনি দুজন আসামিকে বিধিমোতাবেক মুক্তি দেন। কিন্তু দাফতরিক অনিচ্ছাকৃত ভুলের কারণে লিটন সিকদারের জায়গায় প্রতারণা করে বেরিয়ে গেছেন লিটন ফরাজী।
এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরিশাল বিভাগের ডিআইজি প্রিজন টিপু সুলতানকে আহ্বায়ক এবং ফরিদপুর জেল সুপার আল মামুন ও ঝালকাঠির জেলার জান্নাত-উল-ফরহাদকে সদস্য করা হয়েছে।
বরিশাল বিভাগের ডিআইজি প্রিজন টিপু সুলতান বলেন, ‘নামের ভুলের কারণে লিটন সিকদারের জামিনের কাগজপত্র দেখিয়ে কারাগার থেকে বেরিয়ে যায় লিটন ফরাজী। তাই কারা অধিদফতর তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। সেই মোতাবেক আমরা আজ তদন্তর জন্য শরীয়তপুরে এসেছি। তদন্ত চলছে। লিটন ফরাজীকে খোঁজা হচ্ছে।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ‘লিটন ফরাজীর দুটি ঠিকানা বরিশাল উজিরপুর ও ঢাকা বাসাবো। জিডির ভিত্তিতে আমরা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে ম্যাসেজ দিয়েছি। লিটন ফরাজীকে গ্রেফতারে চেষ্টা চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


