Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কর্ণাটকের ৭ম শ্রেণির সিলেবাস থেকে টিপু সুলতানকে বাদ দেয়া সিদ্ধান্ত পরামর্শ দিল রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার। এতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কংগ্রেস বলছে, রাজনৈতিক আদর্শের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে বিজেপির দাবি, করোনার কারণে সিলেবাস ছোট করার প্রয়োজনে এই অধ্যায় বাদ দেয়া হয়েছে।

কর্ণাটক বোর্ডের সপ্তম শ্রেণির ইতিহাসে বিশদে হায়দার আলি এবং টিপু সুলতানের মহীশূর সাম্রাজ্যের কথা ছিল। আঠারো শতকে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজা ছিলেন টিপু। কখনও ইংরেজদের কাছে নতজানু হননি তিনি। বস্তুত, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিতর্কের জেরেই শেষ পর্যন্ত যুদ্ধে যেতে হয় মহীশূর সাম্রাজ্যকে। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালায় টিপুর সেনা। তবে শেষ পর্যন্ত তাঁকে হার মানতে হয়। রণক্ষেত্রেই মৃত্যু হয় তাঁর।

শুধু কর্ণাটক নয়, গোটা ভারতেই টিপু সুলতানের ইতিহাস পড়ানো হয়। তাঁকে বাদ দিয়ে মহীশূর সাম্রাজ্যের ইতিহাস বোঝা অসম্ভব। কিন্তু দীর্ঘ দিন ধরেই বিজেপি এবং আরএসএস এর দাবি টিপু সুলতানের যে গৌরবের ইতিহাস পড়ানো হয়, তা ঠিক নয়। স্থানীয় মানুষদের উপর প্রবল অত্যাচার চালিয়েছেন তিনি। বহু মানুষকে হত্যা করেছেন। এমনকী, জোর করে ধর্মান্তরিতও করা হয়েছে তাঁর আমলে। এই কারণেই টিপু সুলতানের ইতিহাস বদলের দাবি দীর্ঘ দিন ধরে করে আসছে বিজেপি।

তবে দেশের বিশিষ্ট ঐতিহাসিকরা কখনওই সেই দাবিকে খুব গুরুত্ব দেননি। তাঁরা বলেছেন, কাউকে ছোট করা বা বড় করা ইতিহাসের কাজ নয়। ইতিহাস সময়ের কথা বলে। সেখানে টিপুর অত্যাচারের কথাও যেমন বলা হয়েছে, বীরত্বের কথাও বলা হয়েছে। সব মিলিয়েই মহীশূর সাম্রাজ্য। এবং ইতিহাসের প্রেক্ষিতে অত্যন্ত জরুরি সময়।

বিজেপি অবশ্য ধর্মনিরপেক্ষ সেই ইতিহাসকে মানতে নারাজ। এবং সে কারণেই সপ্তম শ্রেণির ইতিহাস পাঠ্যক্রম থেকে টিপুকে বাদ দেওয়া হয়েছে বলে অনেকের বক্তব্য। এর আগে তারা টিপু সুলতান দিবস পালনের বিরোধিতা করেছে।

কর্ণাটক প্রশাসন অবশ্য জানিয়েছে, ষষ্ঠ শ্রেণি এবং দশম শ্রেণির সিলেবাসে এখনও টিপুর উল্লেখ আছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, উল্লেখ থাকা আর বিশদে ইতিহাস পড়ার মধ্যে তফাত আছে। সপ্তম শ্রেণির পাঠ্যক্রমেই টিপু এবং হায়দার আলিকে নিয়ে বিশদে বলা ছিল। সিলেবাস থেকে তা বাদ দিয়ে দেওয়ায় দশম শ্রেণিতে গিয়ে টিপুর উল্লেখ খাপছাড়া বলে মনে হবে ছাত্রছাত্রীদের।

কর্ণাটকের কংগ্রেস বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু করেছে।

তাদের বক্তব্য, এর আগে টিপুর জন্মদিন পালনের অনুষ্ঠান বন্ধ করেছিল বিজেপি। এবার টিপুকে সিলেবাসের বাইরে বার করে দিয়ে জনমন থেকে তাঁকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি রাজনৈতিক চক্রান্ত।

বিজেপির এই পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেস বোর্ড তৈরি করছে। সেখানে ইতিহাসবিদদেরও রাখা হচ্ছে। তাঁরাই যুক্তি দিয়ে এই কাজের বিরোধিতা করবেন।

দিল্লিতেও কেন্দ্রীয় বোর্ডের সিলেবাস কমানোর নাম করে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অংশ বাদ দেওয়া হয়েছে। তা নিয়েও প্রচুর হইচই হচ্ছে। এখানেও একই যুক্তি দেয়া হয়েছে। করোনার কারণে সিলেবাস ছোট করা হয়েছে। ভবিষ্যতে পুরোটাই পড়ানো হবে। কিন্তু তাই বলে বেছে বেছে এই গুরুত্বপূর্ণ বিষয় কেন বাদ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

টিপু সুলতানই প্রথম নয়। এর আগে স্কুলের পাঠ্যক্রম থেকে মোগলদের সরিয়ে দেওয়ার কথা বলেছিল বিজেপি। মোগল ইতিহাসকে অন্ধকার সময়ের ইতিহাস বলে দাবি করা হয়েছিল। তা নিয়েও কম বিতর্ক হয়নি।

বিশেষজ্ঞদের বক্তব্য, এখনই এই ঘটনার উপযুক্ত প্রতিবাদ না করলে ভবিষ্যতে আরো এমন কাজ করবে বিজেপির সরকার। সূত্র : সময় নিউজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.