Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে বানানো সরকারি ভবনগুলো ঐতিহ্যবাহী গ্রিক-রোমান বা এর কাছাকাছি স্টাইলে বানানোর নির্দেশ দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার এক নির্বাহী আদেশ জারি করে এ নির্দেশ দেন তিনি। নির্বাহী আদেশে দাবি করা হয়েছে, গত শতকে নতুন অনেক সরকারি ভবনের নকশায় ‘ব্রুটালিস্ট তথা বর্বরতা’র ছাপ রয়েছে।

নতুন সরকারি ভবনগুলোকে অবশ্যই মার্কিনিদের ভালোবাসার প্রতীক হোয়াইট হাউসের মতো ‘সুন্দর’ হতে হবে। ঐতিহ্যবাদীরা ট্রাম্পের এ আদেশকে স্বাগত জানিয়েছে। তবে এতে অসন্তোষ প্রকাশ করেছে আধুনিকতাবাদীরা।

আমেরিকান ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বলেছে, তারা দ্ব্যর্থহীনভাবে এ উদ্যোগের বিরোধিতা করছে। খবর বিবিসির।

১৯৫০-এর দশকে পশ্চিমের দেশগুলোতে ‘ব্রুটালিস্ট’ স্থাপত্য নামে স্থাপত্যবিদ্যার নতুন এক আঙ্গিকের সূচনা হয়। এটি শিল্প জগতে আধুনিকতাবাদী আন্দোলনের অন্যতম এক ফসল।

প্রথাগত আঙ্গিকের বদলে ব্রুটালিস্ট আঙ্গিকের ভবনে ব্যতিক্রমী ও আধুনিক ছাপের পরিচয় পাওয়া যায়। চলতি বছরের নভেম্বরের নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে ভরাডুবি হয়েছে ট্রাম্পের।

কয়েক সপ্তাহ পরই হোয়াইট হাউস ছাড়ছেন তিনি। ছাড়ার আগে নির্বাহী আদেশ জারি করে সরকারি ভবন নির্মাণে নতুন নীতি চালু করতে চান।

‘প্রোমোটিং বিউটিফুল ফেডারেল সিভিক আর্কিটেক্ট’ বা সুন্দর সরকারি নগর স্থাপত্যের উন্নয়ন শিরোনামের এই আদেশে নতুন একটি কাউন্সিল গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্টকে ভবন নির্মাণে পরামর্শ দেবে।

আদেশে আরও বলা হয়, ‘নতুন ভবনগুলো হওয়া উচিত আমেরিকার ভালোবাসার নিদর্শনগুলোর মতো যা জনপরিসরের সৌন্দর্য বৃদ্ধি করবে, মানবাত্মাকে অনুপ্রাণিত করবে, যুক্তরাষ্ট্রকে মহিমান্বিত করবে এবং সাধারণ মানুষের নেতৃত্ব ও একটি অঞ্চলের স্থাপত্য ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাবে।’

আদেশে আরও উল্লেখ করা হয়, ওয়াশিংটন ডিসিতে সাম্প্রতিক সময়ে বানানো ভবনগুলোতে ঐতিহ্যবাহী ও আধুনিক নকশার অসামঞ্জস্য মিশ্রণ ঘটেছে। কিছু ব্যতিক্রম বাদে সরকার সুন্দর ভবন তৈরি ব্যাপকমাত্রায় বন্ধ করে দিয়েছে।

‘ধ্রুপদী ও চিরায়ত স্থাপত্যশৈলীর ব্যবহারকে নিরুৎসাহিত না করে উৎসাহিত করা উচিত,’ আদেশে এমনটাই বলা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে এই আদেশের খসড়া প্রথম প্রকাশিত হলে আমেরিকান ইন্সটিটিউট অব আর্কিটেক্ট এবং ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন থেকে আপত্তি তোলা হয়।

সোমবার আমেরিকান ইন্সটিটিউট অব আর্কিটেক্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্থাপত্যের নকশার ক্ষেত্রে কোনো সম্প্রদায়ের প্রয়োজন মতো কোনটি তাদের জন্য উপযুক্ত হবে তা নির্ধারণের অধিকার ও দায়িত্ব সেই সম্প্রদায়ের আছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.