আন্তর্জাতিক ডেস্ক: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনা হওয়া জরুরি। এ ধরনের আলোচনায় অংশ নিতে রুশ প্রেসিডেন্ট প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। লাভরভ বলেন, এর জন্য অবশ্য কিছুটা প্রস্তুতি প্রয়োজন। তুরস্কের আন্তালিয়াতে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে আলোচনার পর এসব কথা বলেছেন লাভরভ। খবর রুশ গণমাধ্যম আরটির।

তবে লাভরভ মনে করেন, শুধু আলোচনার খাতিরে আলোচনায় কোনো সুফল আসবে না। বৈঠকের প্রস্তুতিমূলক কাজগুলো বেলারুশ সীমান্তে হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সের্গেই লাভরভ বলেন, ‘আমাদের অত্যন্ত সুনির্দিষ্ট প্রস্তাবগুলো ইউক্রেনীয় পক্ষকে শোনানো হয়েছে। তারাও খুব সুনির্দিষ্টভাবে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এর অপেক্ষায় আছি।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেলারুশ সীমান্তবর্তী এলাকায় তিন দফা বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এর মধ্য দিয়ে এখন পর্যন্ত উল্লেখজনক কোনো ফল পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



