Advertisement
জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনকারী আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার-রাজস্ব) নাজিম উদ্দীন এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক!

যশোরের মনিরামপুরের দরিদ্র পরিবারের সেই নাজিম উদ্দীন নামে-বেনামে এই সম্পদের মালিক বনে গেছেন বলে জাতীয় দৈনিক ইত্তেফাকের আজকের সংখ্যায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে।

স্ত্রী ও শ্বশুরের নামে কোটি টাকার জমি ক্রয় ও আলিশান বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। মনিরামপুর পৌরশহরে ৮ শতাংশ জমির ওপর পাঁচতলা বিশিষ্ট অট্টালিকা নির্মাণাধীন রয়েছে। ইতিমধ্যে চারতলার কাজ সম্পন্ন হয়েছে। সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

সরেজমিন মনিরামপুরের কাশিপুর গ্রামে গেলে স্থানীয়রা জানান, মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত নিছার আলীর ছেলে নাজিম উদ্দীন। দরিদ্র পরিবারের সন্তান নাজিম উদ্দীন মেধাবী হওয়ায় লেখাপড়ায় স্থানীয়রা সহযোগিতা করেছেন। তার দিনমজুর বাবা জামায়াতের সমর্থক ছিলেন। প্রথমে নিছার আলী টালি ভাটার শ্রমিকের কাজও করেছেন।

পিতা জামায়াত ঘরানার হলেও নানার পরিবার আওয়ামী লীগ সমর্থক হওয়ায় নাজিম উদ্দীনের ওপরে ওঠার সিঁড়ি পেতে অসুবিধা হয়নি। নাজিম উদ্দীন মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজে লেখাপড়া করেছেন। একই কলেজের ছাত্রলীগের তত্কালীন আহ্বায়ক সন্দীপ ঘোষ জানান, নাজিম উদ্দীন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল। নাজিম উদ্দীনের বিরুদ্ধে কক্সবাজার, বাগেরহাট ও মাগুরার মহাম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগসহ এক বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মারতে মারতে নেওয়ার ভিডিও ইতিমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসি ল্যান্ড থাকাকালে তিনি ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে বিপুল অঙ্কের অর্থ কামান বলে অভিযোগ করেন এলাকাবাসী।

অনুসন্ধানে জানা যায়, মনিরামপুর পৌর এলাকার ৯৩ নম্বর গাংড়া মৌজার ৫৯৬ দাগের (আরএস চূড়ান্ত) ২৫ শতক জমির মধ্যে ১৪.৬৯ শতাংশ জমি ৪৬ লাখ টাকায় কেনেন, যা গাংড়া গ্রামের আকবর আলীর কাছ থেকে ২০১৯ সালের ১৫ জুলাই তার শ্বশুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অব.) আব্দুর রাজ্জাকের নামে রেজিস্ট্রি করা হয়। কিন্তু জমির সেলামি তোলা হয় ৩০ লাখ টাকা। জমির দাতা (সাবেক মালিক) আকবর আলী জানান, স্থানীয় মোসলেম উদ্দীনের মধ্যস্থতায় ৪৬ লাখ টাকায় তিনি ওই জমি বিক্রি করেন। যা আব্দুর রাজ্জাকের জামাই ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন কিনেছেন। কিন্তু দলিল করা হয় নাজিম উদ্দীনের শ্বশুর আব্দুর রাজ্জাকের নামে। মনিরামপুর ৯৪ নম্বর মৌজায় ৮৩ খতিয়ানের ১৩২ দাগের (আরএস চূড়ান্ত) ৩২.২৫ শতকের মধ্যে ৮ শতক জমি ১৩ লাখ টাকায় কেনা হয়। যা উপজেলার কাজির গ্রামের মো. মোকলেছুর রহমানের কাছ থেকে ৬ শতক এবং তার স্ত্রী মোছা. নাজমুন নাহার রুপার কাছ থেকে ২ শতক সর্বমোট ৮ শতক জমি নাজিম উদ্দীনের স্ত্রী সাবরিনা সুলতানার নামে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি রেজিস্ট্রি করা হয়।

মজার ব্যাপার হচ্ছে রেজিস্ট্রিকৃত জমি নাজিম উদ্দীনের স্ত্রী সাবরিনা সুলতানার নামে হলেও সেখানে স্বামীর নাম না দিয়ে বাবা (নাজিম উদ্দীনের শ্বশুর) আব্দুর রাজ্জাকের নাম দেওয়া হয়েছে। এই জমির ওপর নির্মাণ করা হচ্ছে পাঁচতলা বিশিষ্ট বিশাল অট্টালিকা। ইতিমধ্যে যার চারতলা সম্পন্ন করা হয়েছে।

ভবন নির্মাণে কর্মরত শ্রমিক লিটন হোসেন জানান, গত একবছর ধরে বিশাল অট্টালিকা নির্মাণের কাজ করছে। ভবন নির্মাণে জনৈক শহিদুল ইসলাম শহিদ নামের একব্যক্তি কন্ট্রাক্ট নিয়েছেন। লিটন জানান, ভবন মাস্টারের জামাই (আব্দুর রাজ্জাক) নাজিম উদ্দীন নির্মাণ করছেন। আতিয়ার রহমান নামের প্রধান রাজমিস্ত্রি জানান, এ পর্যন্ত আনুমানিক দেড় কোটি টাকা খরচ হয়েছে।

এ প্রসঙ্গে নাজিম উদ্দীন দাবি করেছেন, তার শ্বশুর পেনশনের টাকা দিয়ে গাংড়া মৌজায় জমি কিনেছেন। আর শ্বশুরের কিনে দেওয়া স্ত্রীর সাবরিনা সুলতানার নামে ৮ শতক জমির ওপর ভবনটি প্রবাসী শ্যালিকা নির্মাণ করছেন। আসলে তার কিছুই নেই।

নাজিম উদ্দিনের কথার সত্যতা মেলেনি মনিরামপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসের তথ্যে। ওই অফিস সূত্র জানায়, ২০১১ সালের ১ মার্চ অবসরে যান নাজিম উদ্দীনের শ্বশুর আব্দুর রাজ্জাক। অবসরের চার দিন পর পেনশনের ৮ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করেন তিনি। জনমনে প্রশ্ন উঠেছে, পেনশনের এই টাকা দিয়ে আট বছর পর কীভাবে তিনি ৪৬ লাখ টাকায় জমি কিনলেন। বিষয়টি খতিয়ে দেখা হলে টাকার উত্স সম্পর্কে সত্য উদ্ঘাটন হবে বলে অনেকে মনে করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.