
লাকসাম (কুমিল্লা) : লাকসামে গতকাল মঙ্গলবার ট্রাকের ধাক্কায় সপ্তম শ্রেণির ছাত্র রনি (১৩) নিহত হয়েছে। রনি লালমাই উপজেলার সমেশপুর গ্রামের মনু মিয়ার ছেলে। সে লাকসামের হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। ওই স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা ট্রাকচালকের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে লাকসাম-মুদাফরগঞ্জ সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ওই দিন সকালে উপজেলার খুন্তা থেকে সাইকেলযোগে রনি বাড়ি ফিরছিল। সে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের পাশে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
রাজধানী : যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে গতকাল মঙ্গলবার ভোরে কাভার্ড ভ্যানের চাপায় শহীদ মিয়া (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক সোহেলকে আটক করা হয়েছে।
ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে গাড়িচাপায় কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের কো-অর্ডিনেটর হাফিজুর রহমান (৫০) নিহত হয়েছেন। তিনি মাদারীপুরের ঘটকের চর এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে।
বাঘা : বাঘায় গতকাল মঙ্গলবার বিকেলে বাঘা-আড়ানী সড়কের ভটভটি ধাক্কায় মিনহাজুল ইসলাম মিজান (৩২) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
কুমিল্লা : কুমিল্লায় ‘শাহ আলী’ পরিবহনের একটি বাসের চাপায় হাবিবা আক্তার (১৫) নামের এক ইপিজেডকর্মী নিহত হয়েছে। গত সোমবার রাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের সদর দক্ষিণ উপজেলার কচুয়ায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবা গাইবান্ধার লক্ষ্মীপুর ইউনিয়নের উঁচাভিটা গ্রামের হায়দার আলীর মেয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



