বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সুবিধা আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা চালু করেছে। এ ব্যবস্থায় একসঙ্গে রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা বুক করা যাবে।

নতুন সুবিধার ফলে আলাদাভাবে ভিসার আবেদন করা বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে সাতটি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকো।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও দেশের নাগরিকদের এই সুবিধার আওতায় আনা হবে।
নতুন প্যাকেজের মাধ্যমে ভ্রমণকারীরা একটি বুকিংয়ের মাধ্যমেই পুরো সফরের প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। এতে রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুক করার পর ৪৮ ঘণ্টার মধ্যেই ইলেকট্রনিক ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা ও প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন।
বর্তমানে রিজারভাল ও আলমোসাফ নামের দুটি ট্রাভেল এজেন্সি এই সেবা দেওয়ার অনুমোদন পেয়েছে। ভিসার মেয়াদ থাকবে তিন মাস। এই ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ থাকবে।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর অতিরিক্ত প্রতিদিনের জন্য যোগ হবে আরও ১ হাজার সৌদি রিয়াল। ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।
এ ছাড়া ভ্রমণকারীরা চাইলে বিভিন্ন ইভেন্টের টিকিট ও বিনোদনমূলক অভিজ্ঞতার মতো অতিরিক্ত সেবাও প্যাকেজের সঙ্গে যুক্ত করতে পারবেন।
তবে নতুন এই ট্যুরিস্ট ভিসা প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো ব্যবস্থা রাখা হয়নি। যদিও ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির বিভিন্ন স্থানে, এমনকি মক্কা ও মদিনাতেও ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে এই কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে এবং আরও বেশি দেশকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



