জুমবাংলা ডেস্ক : কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে চাঁদপুরে সড়কে বেরিয়ে পড়া মানুষের লাগাম টেনে ধরতে ব্যস্ত ছিল সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এজন্য শুক্রবার (২ জুলাই) ভোর থেকে জেলা শহর ও উপজেলাগুলোতে বৃষ্টি উপেক্ষা করে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১৪টি দলে বিভক্ত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তাদের সহযোগিতা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্যরা।
এরইমধ্যে ১০৬ জনকে আটক করা হয়েছে। যারা কঠোর বিধিনিষেধ অমান্য করে সড়কে বেরিয়ে পড়ে। তারা যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আর্থিক জরিমানা আদায় করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার শম্পা জানান, সরকারের বিধিনিষেধ মানেননি এমন ব্যক্তিদের কাছ থেকে ৬৯ হাজার ৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, যে কোনো মূল্যে সরকারের বিধিনিষেধ মেনে চলতে সবাইকে বাধ্য করা হবে।
তাছাড়া লকডাউনের কারণে কর্মহীন যে কেউ হট নাম্বারে কল দিলে স্বেচ্ছাসেবকের মাধ্যমে তার বাড়িতে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।জেলা প্রশাসক আরেও জানান, যতদিন সরকারের এমন কঠোর বিধিনিষেধের লকডাউন চলবে, ততদিন পর্যন্ত ঘরবন্দী কর্মহীন অসহায় মানুষের পাশে থাকবে জেলা প্রশাসন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) প্রথম দিনের মতো আজ শুক্রবার দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


