জুমবাংলা ডেস্ক : আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ছনের ঘর এখন বিলুপ্তির পথে। একসময় গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় দেখা যেত ছনের ঘর। এসব ছনের ঘর ছিল স্বাস্থ্যসম্মত।

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ছনের ঘর

দুই দশক আগেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে গরিব ও মধ্যবিত্তদের ছনের চালা ঘর দেখা গেছে। বিত্তবানদের বাড়িতে নির্মাণ করা হতো ছনের কাচারি ঘর বা বৈঠকখানা।
স্থানীয়রা জানান, আগে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই সুন্দর ছাউনির পরিপাটি ছনের ঘর ছিল।

ঘরের দেয়াল, বেড়া তৈরিতেও অনেক সময় ছন ব্যবহৃত হতো। প্রতি বছর শুষ্ক মৌসুমে ছন সংগ্রহ করে শ্রমিক লাগিয়ে ঘরের ছাউনি দেওয়া হতো। এগুলো ছিল গ্রামীণ ঐতিহ্য। কেউ কেউ ছন কেটে শুকিয়ে ভার বেঁধে বাজারে নিয়ে বিক্রি করতেন। গ্রামের বিভিন্ন এলাকায় গড়ে উঠত ছনখলা। সেখানে ছনের অভয়ারণ্যের পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থলও ছিল। ছনের চালার মধ্যে চড়ুই পাখিও বাসা বাঁধত। স্থানীয়দের মতে, ছনের চালা ঘর ছিল খুবই স্বাস্থ্যসম্মত।

সম্প্রতি কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর যোগিবিল গ্রামে গিয়ে দেখা যায়, এখনও সেখানে ঐতিহ্যের ধারক হিসেবে দাঁড়িয়ে আছে কয়েকটি ছনের ঘর। গ্রামের কালাম মিয়া, করিম মিয়া, জবা বেগম ও আখিরুন বেগমের চারটি ঘরই মাটির দেয়াল ও ছনের চালায় নির্মিত।

জবা বেগম জানান, অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। ছনের চালা বদলে টিন লাগানোর ক্ষমতা নেই। তাই এ ঘরেই দিন কাটাচ্ছেন। একই গ্রামের আখিরুন বেগম জানান, চার সন্তান নিয়ে তাঁর পরিবারে সদস্য ছয়জন। স্বামী দিনমজুর। তিনি যা আয় করেন তা দিয়ে সংসার চালানোই কঠিন। এমন পরিস্থিতিতে ছনের ঘরেই তাদের জীবন কাটছে। অভাব না থাকলে হয়তো এতদিনে ছনের চালা ঘর পরিবর্তন করা হতো। তবে ছনের ঘরে মৌসুমের পরিবর্তনের সঙ্গে আবহাওয়া পরিবর্তন হয়, যা আরামদায়ক।

গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান ও নিমাই মালাকার জানান, ছনের চালার ঘরগুলো আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত। গরমের সময় দিনের বেলাও ঘরে ঘুমানো যেত অনায়াসে। এখন গ্রামের বাড়িতে ছনের ঘর দেখাই যায় না। একসময় বসতঘরে টিন থাকলেও রান্নাঘর ও বৈঠকখানা করা হতো ছনের।

কানিহাটি চা বাগানের সমাজকর্মী ও চা শ্রমিক নেতা সীতারান বীন জানান, ছনের ঘর গ্রীষ্মকালে ঠান্ডা ও শীতকালে গরম থাকে। তাই ছনের ঘরে বসবাস ছিল স্বাস্থ্যসম্মত। বর্তমানে গ্রামগঞ্জ ও চা বাগানে কদাচিৎ ছনের ঘর চোখে পড়ে। ইট-রড, বালু, সিমেন্ট ও টিন গিলে খেয়েছে ছনের ঘর। তবে বিত্তবান ও শৌখিন কেউ কেউ এখনও ঐতিহ্য ধরে রাখতে বাড়িতে ছনের ঘর তৈরি করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.