সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৭ সেশনের বার্ষিক নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন ১৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ মার্চ।
এসসিবিএ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো—সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন করে সহসভাপতি ও সহকারী সম্পাদক এবং ৭ জন সদস্য।
সর্বশেষ ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা সভাপতিসহ চারটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সম্পাদকসহ বাকি ১০টি পদে জয় পান। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগপন্থী আইনজীবী নেতারা এসসিবিএ কার্যক্রমে অংশ নেওয়া বন্ধ করেন।
এরপর ২০২৪ সালের ১৮ আগস্ট এসসিবিএর একটি অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে বিএনপিপন্থী আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি ও মো. রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক মনোনীত করা হয়। পরে ব্যারিস্টার কাজল দায়িত্ব নেননি, এবং সহকারী সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


