ইরানে পৃথক দুটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে এক ভবনে বিস্ফোরণের পর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উভয় ঘটনাই গ্যাস লিকের কারণে ঘটেছে।

ইরানে গ্যাস বিস্ফোরণ

Advertisement

বিবিসির খবরে বলা হয়েছে, উপসাগরীয় উপকূলবর্তী বন্দর আব্বাস শহরের মোআল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের-কে এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিস্ফোরণে ভবনের দুটি তলা ধসে পড়ে এবং আশপাশের একাধিক যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান মোহাম্মদ আমিন লিয়াকাত বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস লিক হয়ে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণটি ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান আঞ্চলিক কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ।

অন্যদিকে, ইরাক সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কিয়ানশাহর এলাকায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় দৈনিক তেহরান টাইমস। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর আব্বাসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানায়, এতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কোনো কমান্ডার লক্ষ্যবস্তু ছিলেন না।

এই বিস্ফোরণের ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল, যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওয়াশিংটনের চাপ অব্যাহত রয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে, তবে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, কোনো সংঘাতই ইরান বা পুরো অঞ্চলের স্বার্থে নয়। এএফপির বরাতে ইরানের প্রেসিডেন্সি জানায়, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেন, ইরান কখনোই যুদ্ধ চায় না।

পরিস্থিতির মধ্যে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। তেহরানে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন।

আরও পড়ুনঃ

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত, তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কখনোই আলোচনার বিষয় হবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.