
জুমবাংলা ডেস্ক : ঘণ্টাখানেকের বৃষ্টিতে মিরপুর-২ এর প্রধান সড়ক, ১০ নম্বর গোল চক্কর, কাজিপাড়া, শ্যাওড়াপাড়া, সেনপাড়া এলাকা ভয়াবহ আকার ধারণ করেছে।
১০ নম্বর গোল চক্কর থেকে মিরপুর-১১, মিরপুর-১২, পল্লবীসহ পুরো এলাকায় জলাবদ্ধতার কারণে সব ধরনের যানবাহন আটকে আছে রাস্তায়। বেশিরভাগ এলাকায়ই হাঁটু পানি।
জলাবদ্ধতার কারণে কাজিপাড়া, শ্যাওড়াপাড়ার প্রধান সড়ক ও সেনপাড়া এলাকায় বেশিরভাগ এলাকা ডুবে গেছে। প্রাইভেট কার, সিএনজি অটোসহ বিভিন্ন যানবাহনে পানি ঢুকে রাস্তায় অকেজো হয়ে পড়েছে।
রাস্তার পাশের ফুটপাতেও পানি জমে যাবার কারণে গাড়ি চলাচলে অসুবিধার পাশাপাশি মানুষজন হাঁটার অবস্থাও নেই। কিছু মানুষকে ছাতা মাথায়, হাতে জুতো নিয়ে পানি মাড়িয়ে চলতে দেখা গেছে।
বৃষ্টি একটু কমে আসলেও রাস্তার পানি কোনোদিকে নামতে পারছে না। প্লাস্টিকসহ বিভিন্ন আবর্জনার কারণে ড্রেনেজ লাইন বন্ধ হয়ে আছে। তাছাড়া মেট্রোরেলের কাজ চলার কারণে রাস্তা সরু হয়ে আছে।
এক ঘণ্টার বৃষ্টিতে জমে যাওয়া পানি নেমে রাস্তা ঘাটের অবস্থা স্বাভাবিক হতে অন্তত ৫/৬ ঘণ্টা লাগবে বলে জানালেন সেনপাড়ার স্থানীয় বাসিন্দা তারেকুল ইসলাম। তিনি বলেন, এই পানি মাড়িয়েই আমাদের চলতে হচ্ছে।
চট্টগ্রাম থেকে ঢাকায় কাজে আসা শহীদ এবং সোমা দম্পতি দুপুরে এক বন্ধুর দাওয়াতে কাজীপাড়া এলাকায় এসে এখন পানির কারণে আটকে গেছেন। তারা বলেন, ভেবেছিলাম আমাদের চট্টগ্রামেই কেবল জলাবদ্ধতা। এখনতো দেখি রাজধানী ঢাকার অবস্থাও করুণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


