জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের কোয়ারেন্টিনের জন্য আর্থিক সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে জনশক্তি প্রেরণকারী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ কথা জানান।
মন্ত্রী জানান, সৌদি আরব প্রবাসী্দের কোয়ারেন্টিনের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। যারা দেশে ছুটিতে এসে আটকে পড়েছে, এখন সৌদি আরবে কর্মস্থলে ফিরতে চাচ্ছেন, তারা এই সহায়তা পাবেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ ৩০ জুনের মধ্যে শেষ হবে তারা এই সহায়তা পাবেন। একই সাথে যেসব প্রবাসীরা চলতি মাসের ২০ তারিখ থেকে সৌদি আরব চলে গেছেন তাদেরকেউ পরবর্তীতে এই সহায়তা অর্থ পৌঁছে দেয়া হবে।
সম্প্রতি সৌদি আরবগামীদের জন্য বেশকিছু বিধিনিষেধ চালু করে দেশটির সরকার। যাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়া নেই, চলতি মাসের ২০ তারিখ থেকে সৌদি আরব প্রবেশ করার পর তাদের বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন পালন করতে হচ্ছে। এতে দেশে ছুটিতে থাকা প্রবাসীদের সৌদি আরবে কর্মস্থলে ফিরতে হোটেল কোয়ারেন্টিনের খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া দুই দফা করোনা টেস্ট করাতে গিয়েও বাড়তি খরচ হচ্ছে তাদের। জানা গেছে, ৫০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে সৌদি আরব যেতে। এই বাস্তবতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী ইমরান আহমদ জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহযোগিতায় এই সহায়তা দেয়া হবে। কোন প্রবাসীর হাতে কোন টাকা দেয়া হবে না। এ বিষয়ে শীগ্রই বেবিচক ও এয়ারলাইন্সের সাথে আলোচনা করা হবে।
কবে থকে এই অর্থ দেয়া হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হোটেল কোয়ারেন্টিনের জন্য এয়ারলাইন্সগুলোর অনুকূলে প্রবাসীদের এই টাকা দেয়া হবে। খুব দ্রুত এই বিষয়ে কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


