পুরুষদের মতো নারী বিপিএল আয়োজনের দাবি দীর্ঘদিনের। অবশেষে নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তারদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী এপ্রিল মাসেই দেখা যাবে দেশের ইতিহাসের প্রথম নারীদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ৪ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হবে তিন দলের এই টুর্নামেন্টটি।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন এক ভার্চুয়াল বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সভা শেষেই নারী বিপিএলের চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে বাংলাদেশের বিপিএল প্রথম দিককার টুর্নামেন্ট হলেও নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে অনেক দেশের চেয়ে পিছিয়ে বিসিবি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, নিউজিল্যান্ড অনেক আগে থেকেই নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করলেও বিসিবি এবারই এমন উদ্যোগ নিয়েছে।
এদিন ভার্চুয়াল সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নারী ক্রিকেটার জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে সাবেক ক্রিকেটার এবং নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে ক্রিকেটীয় কার্যক্রম থেকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড। এছাড়া গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও আরও এক মাসের জন্য তাকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


