মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সম্ভাব্য সফর বাতিলের করেছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বসে বসে ‘আজেবাজে কথা’ বলার জন্য আর ১৮ ঘণ্টার ফ্লাইট নয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অপ্রয়োজনীয় দীর্ঘ ভ্রমণ এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি আমার লোকজনকে বলেছি, তারা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি থামিয়ে দিয়েছি—১৮ ঘণ্টার ফ্লাইট করে সেখানে যাওয়ার দরকার নেই।
তিনি আরও বলেন, আমাদের হাতে সব ক্ষমতা আছে, তারা যখন খুশি আমাদের ফোন করতে পারে। কিন্তু বসে বসে আজেবাজে কথা বলার জন্য তোমরা আর ১৮ ঘণ্টার ফ্লাইট করতে যাচ্ছ না।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদ সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করেছে। সফরকালে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দফায় দফায় বৈঠক করেন। বৈঠকের পর শেহবাজ শরিফ এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনাকে ফলপ্রসূ ও আন্তরিক বলে অভিহিত করেছেন। মূলত ইরানি প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পরই ট্রাম্প তার প্রতিনিধিদের সফর বাতিলের চূড়ান্ত ঘোষণা দেন।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


