সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: দেশব্যাপী করোনার টিকা প্রদান কর্মসূচীর অংশ হিসেবে মানিকগঞ্জে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে করোনার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ভিডিও কনফারেন্সের পর ৯টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। এরপরই করোনার টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে নার্সিং কলেজ কেন্দ্রে জেলা প্রশাসক এস. এম. ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ প্রথম করোনার টিকা গ্রহণ করেন এবং দুপুর ৩টা পর্যন্ত প্রথম দিনের মত টিকাদান কার্যক্রম চলবে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পাওয়া গেছে। মানিকগঞ্জ সদর উপজেলায় কর্নেল মালেক মেডিক্যাল কলেজে ১টি , ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১টি ,পুলিশ হাসপাতালে ১টি এবং ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি করে করোনার টিকা প্রদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের টিকা প্রয়োগে ৩৭টি টিম কাজ করবে। কর্নেল মালেক মেডিকেল কলেজে ৮টি, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮টি, পুলিশ হাসপাতালে ১টি এবং উপজেলাগুলোতে ৩টি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া ২টি টিম সিভিল সার্জন কার্যালয়ে রির্জাভ থাকবে। প্রতিটি টিমে ২ জন করে টিকাদান কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। জেলায় করোনার টিকা গ্রহণের জন্য এ পর্যন্ত ১৯’শ জন রেজিষ্ট্রেশন করেছে। রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান আছে এবং পর্যায়ক্রমে বাকিদের টিকা প্রদান করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ বলেন, সকালে ডিসি, এসপি ও আমি নিজে টিকা গ্রহণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলায় এ পর্যন্ত ১৯’শ জন টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। প্রতিদিন বিকেল ৩ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলবে।
জেলা প্রশাসক এস. এম. ফেরদৌস বলেন, যেসকল বিজ্ঞানীরা এ ভ্যাকসিন আবিষ্কার করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। করোনা প্রতিরোধে সকলকে এ ভ্যাকসিন নেওয়ার আহবান জানাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


