মানিকগঞ্জ প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রশাসনের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামরা ও জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলায় ১২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন। এসময় শিবালয় উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরিধান নিশ্চিত করতে আমাদের এই অভিযান চলছে।
বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যু হারও বেড়েছে জানিয়ে তিনি আরও বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


