জুমবাংলা ডেস্ক : অন্যের হয়ে আদালতে হাজিরা দিতে যাওয়ায় মাদারীপুরে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সোমবার দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এমন ঘটনা।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- মাদারীপুরের ডাসারের ধুয়াসার গ্রামের হাশেম আকনের ছেলে মো. সালাম আকন, তার ছেলে সাইফুল আকন ও আরোজ খানের ছেলে মনির খান।
জানা যায়, ডাসার থানার একটি মামলায় সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যান ওই তিনজন। আদালত তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে একজন সঠিকভাবে নাম-ঠিকানা বলতে না পারায় বিচারকের সন্দেহ হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সালাম শাহিন আকন ও সাইফুল আকন দুই ভাই এবং সালাম আকন তাদের বাবা বলে দাবি করেন। শাহিন আকনকে তার নাম লিখতে বললে তিনি নাম ‘মনির’ লেখেন।
পরে আসামিরা আদালতে জানান, আসামি সালাম আকন ও সাইফুল আকন মনিরকে শাহিন আকন সাজিয়ে আদালতে হাজিরা দিতে বলেছেন।
এ ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ ওই তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


