
গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৫৭তম অ্যাকাডেমিক কাউন্সিলে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড.এম.কামরুজ্জামান এর সভাপতিত্বে স্থগিত থাকা পরীক্ষাসমুহ ৪ আগস্ট থেকে অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ১৯ জুলাই অনলাইনে কিভাবে পরীক্ষা নেওয়া হবে এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে। সেই নীতিমালার আলোকেই পরীক্ষাগুলো নেওয়া হবে
গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন ও অনলাইন পরীক্ষার নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, ‘সেশনজট কমানোর জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের দুটি অ্যাপ ব্যবহার করে পরীক্ষায় অংশ নিতে হবে। তাদের অনলাইন পরীক্ষা সহজ করতে ইতোমধ্যে ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আমার অনুষদসহ অন্যান্য অনুষদেও ইতিমধ্যে অনলাইনে কুইজ, মিড ও ডেমো পরীক্ষার আয়োজন করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা ভীতি দূর হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ‘গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৫৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে স্থগিত পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল থেকেই স্ব স্ব অনুষদগুলো তাদের স্থগিত পরীক্ষা অনলাইনে নিতে পারবে।
দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষিত হবার পর গত ২১ জুন হাবিপ্রবির শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর গত ৪ জুলাই এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ডিনদের এক সপ্তাহের মাঝে অনলাইন পরীক্ষার খসড়া নীতিমালা প্রস্তুত করার তাগিদ দেন উপাচার্য প্রফেসর ড.এম.কামরুজ্জামান। নীতিমালা প্রণয়নে কাজ করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড.মো: সাজ্জাত হোসেন সরকার। এরপরেই ৭ জুলাই ডিনদের সমন্বয়ে গঠিত অনলাইন পরীক্ষা সংক্রান্ত উপকমিটি একটি খসড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



