
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে জান্নাতী খাতুন ঋতি (১০) ও বিথী খাতুন রিতা (১২) নামে দুই শিক্ষার্থী পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ আলী।
তিনি জানিয়েছেন, পানিতে ডুবে মারা যাওয়া জান্নাতী খাতুন ঋতি ভায়াট গ্রামের শাহজাহান আলীর মেয়ে ও স্থানীয় ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও বিথী খাতুন রিতা একই গ্রামের বাচ্চু আহমেদের মেয়ে ও ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ভায়াট গ্রামে একটি পুকুর লিজ নিয়ে খালখুলা গ্রামের বরাত আলী মাছ চাষ করে আসছিলেন। তিনি সকাল ১০টার দিকে কাউকে না জানিয়ে ওই পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন এবং মাছ ধরে বাড়ি চলে যান। পরবর্তীতে ওই পুকুরে কিছু মাছ ভাসতে দেখে স্থানীয় পাড়া-প্রতিবেশীরা মাছ ধরতে নেমে পড়েন। এদের মধ্যে জান্নাতী খাতুন ঋতি ও বিথী খাতুন রিতা সেখানে মাছ ধরতে যায়। এক পর্যায়ে ওই দুজন গভীর পানিতে ডুবে যাওয়ার সময়ে বিষাক্ত পানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি উপস্থিত লোকজন টের পেয়ে দ্রুত ওই দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


