জুমবাংলা ডেস্ক : শরীয়তপুরে জাতিসংঘের ভুয়া প্রতিনিধি ও ডিএসবি পুলিশ পরিচয়দানকারী দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ডামুড্যা বাজার মিতালী সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, আটক হওয়া দুই ব্যক্তি শরীয়তপুরের গোসাইরহাটের সামান্তষার ইউনিয়নের চরসামান্তষার গ্রামের শাহেব আলী ছৈয়ালের ছেলে আব্দুল ছালাম ছৈয়াল ভ্যান ছালাম ও ইদিলপুর ইউনিয়নের মহশ্বরপট্রি গ্রামের নুরুল হক সিকদারের ছেলে সান মোহাম্মদ মামুন। আটকের সময় তাদের কাছ থেকে তিনটি ব্লাংক চেক, তিনটি মোবাইল ফোন ও নির্বাচনি ফর্ম উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ডামুড্যা পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সবুজ মিয়া। সবুজ মিয়া ও তার সমর্থকদের কাছে ছালাম ডিএসবি পুলিশের এসআই ও মামুন জাতিসংঘের প্রতিনিধি পরিচয় দেয়। তবে প্রার্থী ও তার সমর্থকদের সন্দেহ হলে আটকদের বিভিন্ন প্রশ্ন করেন। তাতে তারা হতভম্ব হয়ে পরলে বিষয়টি ডামুড্যা থানা পুলিশকে জানানো হলে ছালাম ও মামুনকে আটক করা হয়।
ডামুড্যা থানার ওসি এমারত হোসেন জানান, ভুয়া ডিএসবি পুলিশ ও জাতিসংঘের প্রতিনিধি পরিচয়দানকারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


