বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার, ঈদুল আজহার ছুটিতে আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান ও বিশেষ খাবারের ব্যবস্থা করা এবং ঈদ যাত্রায় বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে পৃথক তিনটি স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের বিভিন্ন ভোগান্তি ও উদ্বেগের বিষয় তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
ভর্তি ফি সংক্রান্ত স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের ভর্তি ফি হঠাৎ করেই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক বাস্তবতায় মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এ বর্ধিত ফি বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই অতিরিক্ত ফি সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বনির্ধারিত ভর্তি ফি পুনর্বহাল এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ও ছাড়ের ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানানো হয়।
এছাড়া ঈদুল আজহার ছুটিতে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা নিরাপত্তাকর্মী মোতায়েন ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। একইসঙ্গে ছুটির সময় ডাইনিং চালু রাখা এবং ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
অন্য স্মারকলিপিতে আসম্ন ঈদের ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ছুটির শুরুতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়েছে।
আরও পড়ুনঃ
রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ
এবিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, আগের যে প্রশাসন ছিলো তারাই ভর্তি ফি সহ অন্যান্য ফি বৃদ্ধি করেছে। গতবারেও ১৬ তম ব্যাচের আন্দোলনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে বলে আমি মিনিমাইজ করেছি। ১৭ তম ব্যাচের ফি যে পরিমাণ বাড়ানো হয়েছে তা ঐ তুলনায় কম। যদি ফি কিছুটা কমানো হয় তবুও এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



