জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাকুল্যা বাজারের ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদি দোকানের সামনে থাকা তেলভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে বাজারের দশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দুই জন আহত হয়েছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম জানান, মির্জাপুর ফায়ার স্টেশনের তিনটিসহ মোট ৫টি ইউনিটের সদস্যরা আগুন নেভাতে কাজ করেছে।
স্থানীয়রা জানান, তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান লোকজন। তবে মুহূর্তের মধ্যে আগুন মনোরঞ্জনের মুদি দোকান ও ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের বাংলো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। এতে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী পাকুল্যা গ্রামের চন্ডী রাজবংশীর ছেলে পপ রাজবংশী ও মনিন্দ্র রাজবংশীর ছেলে আনন্দ রাজবংশী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের ঢাকায় নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


