জুমবাংলা ডেস্ক: পাবনায় আমজনতার বাজারে ৫ টাকায় পাঁচটি ডিম আর ৫ টাকায় এক লিটার দুধ কেনার সুযোগ পেলেন ১০০ জন হতদরিদ্র মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে এই ডিম ও দুধ বিক্রি করা হয়।

পাশে আছি ইনিশিয়েটিভ-এর সদস্য রাজিব মিয়া জানান, সমাজের হতদরিদ্র, দুস্থ্য ও অসহায় মানুষদের পুষ্টি সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সমাজের অনেক বিত্তবান আছেন যারা যাকাত দেন না। তারা যদি যাকাত দেন বা যাকাতের টাকায় এমনভাবে সমাজের মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তাহলে সমাজ বদলে যাবে।
দশ টাকার মধ্যে ডিম ও দুধ পেয়ে খুশি সুবিধাবঞ্ছিত মানুষেরা। পাবনা পৌর সদরের গোবিন্দা মহল্লার রমজান আলী, হাশেম আলী, যুগীপাড়া মহল্লার পাখি খাতুন, হেমায়েতপুর গ্রামের রহিমা বেগম বলেন, বাজারের যে অবস্থা তাতে ৫ টাকায় পাঁচটি ডিম আর ৫ টাকায় এক লিটার দুধ পাওয়া যাবি, শিডা ভাববেরই পারি নাই। খুব খুশি হইছি। আমারে মতন গরিব মাইনষের খুব উপকার হলো। এরম যদি বড়লোকরা করে তালি অনেক মাইনষের উপকার হবি।
পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মোস্তাকিম সবুজ বলেন, এই উদ্যোগ প্রশংসনীয়। এতে সুবিধা বঞ্ছিত কিছু মানুষের উপকার হলো। অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবান মানুষদের যার যার অবস্থান থেকে এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত।
উদ্যোক্তারা জানান, গতকাল বিভিন্ন এলাকায় গিয়ে দুস্থ্য ও অসহায় মানুষ খুঁজে বের করে তাদের কাছে টোকেন দিয়ে আসেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। আজ তাদের মধ্যে ডিম ও দুধ বিক্রি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



