
আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ৫ রানে ২ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে তারা। ওপেনার শাই হোপ ও আরেক ব্যাটার নিকোলাস পুরান সাজঘরে ফেরেন যথাক্রমে শূন্য ও ১ রানে। ক্রিজে আসে রোস্টন চেজ। তাকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়েন ওপেনার কাইল মায়ার্স। দলীয় ৮৬ ও ব্যক্তিগত ৩৫ রানে তাবরেজ শামসির বলে স্টাবসের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন মায়ার্স।
এই জুটি ভেঙে গেলে আবার শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার পালা। একে একে আউট হন রোভম্যান পাওয়েল ও শেরফেন রাদারফোর্ড। ইনিংসের ষোলো তম ওভারের প্রথম বলে রাবাদার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন রোস্টন চেজ। আউট হবার আগে খেলেন ৫২ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ২টি ছক্কা। বাকিদের ভেতর আন্দ্রে রাসেলের ১৫ ও আলজারি জোসেফের ১১ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ পায় ক্যারিবিয়ানরা।
প্রোটিয়াদের পক্ষে ২৭ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন তাবরেজ শামসি। ১টি করে উইকেট পান মার্কো জানসেন, এইডেন মার্করাম, কেশব মহারাজ ও কাগিসো রাবাদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



