
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমরা ভিপি নুরকেও তার কর্মে ও বক্তব্যে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই এবং এ ঘটনায় বহিরাগত কারো সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্তবুদ্ধি চর্চার লালন কেন্দ্র। সব শিক্ষার্থী ক্যাম্পাসে অবাধ ও স্বাধীনভাবে স্ব-স্ব মত প্রকাশের অধিকার সংরক্ষণ করে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা ও ভাঙচুর সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। এহেন কর্মকাণ্ড শিক্ষার সুষ্ঠু পরিবেশকেই শুধু বিনষ্ট করে না; বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করারও রসদ যোগায় বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি, সন্ত্রাসীদের কোনো দল নেই। গঠিত তদন্ত কমিটি অনতিবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে আমরা এ সব সন্ত্রাসীকে বিচারের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় এ জাতির শ্রেষ্ঠতম সম্পদ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষাকল্পে এ বিদ্যায়তনের উত্তরোত্তর সমৃদ্ধি আনয়নে সমাজের সব মত ও পথের মানুষকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতেও আমরা উদাত্ত আহ্বান জানাই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



