জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে মসজিদ নির্মাণকালে জমিদাতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
জখম হওয়া জমিদাতাকে মুমূর্ষু অবস্থায় ধামরাই সরকারি আবাসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দেপাশাই গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদ নির্মাণের জন্য দেপাশাই গ্রামের মো. আনছার আলী নামের এক ব্যক্তি জমি দান করেন। তারই দান করা জমির ওপরেই এতদিন টিনশেড মসজিদ ভবন ছিল। সময়ের বিবর্তনে তা আজ পাকা ও বহুতল ভবন নির্মাণ হচ্ছে।
জমিদাতার বাড়ির যাতায়াতের রাস্তা আটকে নির্মাণ কাজ করায় তিনি রাস্তা ফাঁকা রাখতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটির সেক্রেটারি মো. ফরহাদ হোসেন তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে মসজিদ কমিটির সেক্রেটারি ফরহাদ হোসেন বলেন, কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনায় তার ছেলে নিহত হওয়ায় মুখে যা আসে তাই বলে। তার আবোল-তাবোল কথা সহ্য হয়নি। তার কথার প্রতিবাদ করেছি মাত্র।
তবে আমি তাকে মোটেও মারধর করিনি। এলাকাবাসী ও সংবাদকর্মীদের সহানুভূতি পাওয়ার জন্য আমার বিরুদ্ধে সে মিথ্যাচার করছে। এতে কোনো লাভ হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


