সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর পবিত্র মাহে রমজান মাস শুরু হবে বুধবার (১৮ ফেব্রুয়ারি)।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হচ্ছে।
প্রতিবেদন মতে, সৌদি আরবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছেন যাতে পবিত্র মাসের শুরু নিশ্চিত করা যায়।
কয়েক মিনিট পরই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। জানানো হয়, বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে দেশটির মুসলিমরা আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খাবেন।
আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে যাচ্ছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া-তে। এছাড়াও সৌদি আরবে কাল থেকে রোযা শুরু। সে হিসেবে অনেকে ধরে নিচ্ছে, ওইদিন থেকে বাংলাদেশেও রোযা হতে পারে। যদিও সরকার বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রোজা নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে নিজস্ব চাঁদ দেখা কমিটির মাধ্যমে রমজান মাস ও কবে থেকে রোজা রাখা হবে সেটি নির্ধারণ করা হয়।
বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে, কোন রাতে সেহরি খেতে হবে, তা জানা যাবে আগামীকাল বুধবার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকেই বাংলাদেশে রোজা শুরু হবে আর বুধবার এশার নামাজের পর তারাবিহ অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০দিন পূর্ণ হবে এবং শুক্রবার রোজা শুরু হবে।
বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করা হবে। এরপর রোজা শুরুর তারিখ নির্ধারণ করবে ইসলামিক ফাউন্ডেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


