জুমবাংলা ডেস্ক : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ রোগীকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে ট্রলিতে করে ওই বৃদ্ধকে এক আয়া হাসপাতালের সামনের সড়কে খোলা আকাশের নিচে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ রোগীকে ‘রাস্তায় ফেলে গেলেন’ আয়া!
ছবি সংগৃহীত
Advertisement

পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পুনরায় ওই রোগীকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বৃদ্ধের নাম মোশারফ হোসেন (৬০)। তার বাড়ী ঝিনাইদহ জেলার শৈলকূপা এলাকায়।

জানা যায়, বৃদ্ধ মোশারফ হোসেন ঝিনাইদহ থেকে ফরিদপুরে দিনমজুরের কাজে এসেছিলেন। গত ২৪ দিন আগে তিনি ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি। প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এরপর থেকে গত ২২ দিন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোশারফ হোসেন। শুক্রবার সকালে হাসপাতালের এক আয়া ট্রলিতে করে তাকে নিয়ে এসে মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ফরিদপুর-বরিশাল সড়কে ফেলে রেখে যান।

বৃদ্ধ মোশারফ হোসেন জানান, অনেক অনুনয় বিনয় করলেও হাসপাতালের লোকজন আমাকে কোনো চিকিৎসা সেবা দেয়নি। আমাকে একটি ট্যাবলেটও দেয়া হয়নি। আবার সকালে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে।

তিনি আরও জানান, আমাকে এক কোণে রাখা হয়, ওষুধ দেওয়া হয় না।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে দোকানে এসে দেখি দোকানের সামনের সড়কে একজন বৃদ্ধ পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখি কাতরাচ্ছে। পরে তার কাছে গিয়ে বিস্তারিত জানতে পারি। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস জানান, হাসপাতালের সামনের সড়কে ওই বৃদ্ধকে ফেলে রাখা হয়। স্থানীয় এলাকাবাসী ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালের আয়া এসে পুনরায় তাকে হাসপাতালে নিয়ে যায়। ওই বৃদ্ধের চিকিৎসার খরচ ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান বহন করবেন বলে জানান তিনি।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। যে আয়া এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.