জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশানে একটি বাড়ির ছাদ থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্যমতে তিনি ছাদের উপর থেকে নিচে পড়ে গেছেন।
সোমবার (১৪ জুন) দুপুরে গুলশান-২ এর ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ি থেকে ইসরাত জেবিন মিতু নামে ২৭ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মামুন মোস্তফা সংবাদমাধ্যমকে বলেন, ‘১২ তলা ওই বাড়ির ছাদের ওপর থেকে তাকে নিচে পড়তে দেখা যায়। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মিতু কিভাবে বাড়ির ছাদ থেকে পড়ে গেলেন এমন এক প্রশ্নের জবাবে মামুন মোস্তফা বলেন, সেটি তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।
গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, মিতুর স্বামী নাইম আহম্মেদের পরিবার আরপি কনস্ট্রাকশন নামের একটি কোম্পানির মালিক। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে মিতুর। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ।
মামলার বিষয়ে তিনি বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


