ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশÑ তিন ধাপেই বিভিন্ন অনিয়ম ও ত্রুটির অভিযোগে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াত। গতকাল রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধ না হলে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশবাসী ও বিশ্ববাসীর কাছে ছিল প্রত্যাশিত একটি নির্বাচন। অতীতের বিতর্কিত নির্বাচন থেকে বেরিয়ে এসে ঐতিহাসিক ও উৎসবমুখর নির্বাচন হবে, এমন প্রত্যাশা ছিল সবার। ভোটগ্রহণের শুরুতে অতীতের তুলনায় কিছু গুণগত পরিবর্তন দেখা গেলেও পুরো প্রক্রিয়ার সমাপ্তি সন্তোষজনক হয়নি। ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে অসুস্থ পরিবেশ বিরাজ করেছে। জাল ভোট, কালো টাকার ব্যবহার, হুমকি-ধমকি, সন্ত্রাস ও হামলার ঘটনা ঘটেছে। বড় ধরনের সহিংসতা না হলেও এসব ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করেছে। মাঠপর্যায়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের করা তাৎক্ষণিক অভিযোগের কার্যকর কোনো প্রতিকারও পাওয়া যায়নি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো চার শতাধিক হারানো পিস্তল উদ্ধার না হওয়ার বিষয়টি নির্বাচনকে প্রভাবিত করেছে। কোথাও কোথাও দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যালটে সিল মারা এবং দলীয় কর্মীদের মাধ্যমে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতিও কম ছিল। তাছাড়া শেষ দিকে কিছু কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোটের হার বেড়ে যায়। নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাপ্ত রেকর্ডের সঙ্গে চূড়ান্ত ফলের মিল পাওয়া যায়নি। এতে অতিরিক্ত ব্যালট ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, আসছেন না মোদি-শেহবাজ
এদিকে ভোট গণনা নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন হামিদুর রহমান। তিনি বলেন, অনেক কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। ঢাকা-৬ আসনের একটি ফলাফল শিট পেন্সিলে লেখা ছিল এবং এজেন্টের নাম পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়া ৩২টি আসন চিহ্নিত করে পুনর্গণনার দাবি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে। এসব আসনের ফল স্থগিত রেখে স্বচ্ছভাবে পুনর্গণনার পর গেজেট প্রকাশ করা উচিত ছিল। দ্রুত গেজেট প্রকাশের কারণে অনেক প্রার্থী অভিযোগ দায়েরের সুযোগ পাননি।
নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের রক্তের বিনিময়ে দেশ সহিংসতা থেকে বেরিয়ে আসার প্রত্যাশা করেছিল। কিন্তু বিভিন্ন স্থানে নারী নির্যাতনসহ সহিংসতার ঘটনায় জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সহিংসতা বন্ধের দাবিতে ১১ দলের পক্ষ থেকে কর্মসূচির কথা জানিয়ে হামিদুর রহমান বলেন, ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সহিংসতা বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


