ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্সেনালের মিডফিল্ডার ডিক্লান রাইস। তার মতে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের একটি স্পষ্ট পেনাল্টি পাওয়া উচিত ছিল।

রাইস অভিযোগ করেন, ওই সিদ্ধান্তে পরিবর্তন আনার ক্ষেত্রে স্বাগতিক সমর্থকদের প্রভাব থাকতে পারে।
বুধবার রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচে এভারেচি ইজে ডি-বক্সে ফাউলের শিকার হলে শুরুতে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে পরে দীর্ঘ সময় ভিএআর পর্যবেক্ষণের পর ডাচ রেফারি ড্যানি মাকেলি সেই সিদ্ধান্ত বাতিল করেন। এ সময় তাকে ১৩ বার রিপ্লে পর্যালোচনা করতে দেখা যায়।
এ বিষয়ে রাইস বলেন, এটি একটি পরিষ্কার পেনাল্টি ছিল। কেন তা দেওয়া হয়নি, তা তিনি বুঝতে পারছেন না। তার ধারণা, দর্শকদের চাপের কারণে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
ম্যাচে ভিএআর সম্পর্কিত দুটি সিদ্ধান্ত আর্সেনালের বিপক্ষে যায় বলেও অভিযোগ ওঠে। পরে স্ট্যান স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রাইস বলেন, প্রথম দৃষ্টিতে তার মনে হয়েছিল এটি প্রিমিয়ার লিগ হলে সম্ভবত পেনাল্টি দেওয়া হতো না, কারণ বলটি মাটির খুব কাছাকাছি ছিল এবং গোলের দিকেও সরাসরি যাচ্ছিল না।
তিনি আরও বলেন, চ্যাম্পিয়নস লিগে রেফারিরা তুলনামূলকভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং অনেক সময় বাঁশি বাজিয়ে দেন। তার মতে, ইউরোপীয় প্রতিযোগিতায় শাস্তিমূলক সিদ্ধান্ত বেশি দেওয়া হয়। তবে তিনি বলেন, এসব নিয়ে বেশি ভাবার কিছু নেই; দল এখন পরবর্তী ম্যাচে মনোযোগ দিচ্ছে এবং জয় পেতে চায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


