স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে মটোরোলা এজ ৭০ প্রো+। শক্তিশালী ব্যাটারি, ফ্ল্যাগশিপ মানের ক্যামেরা সেটআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে ফোনটি প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রথম বিক্রিতেই বিশেষ ছাড়ের সুযোগও রাখা হয়েছে।

ডিভাইসটির অন্যতম প্রধান আকর্ষণ ৬৫০০ এমএএইচ ক্ষমতার বড় ব্যাটারি। দীর্ঘ সময় গেম খেলা, ভিডিও দেখা কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য এটি সহজেই সারাদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৯০ ওয়াট ট্রুবো পাওয়ার ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।
ডিসপ্লের ক্ষেত্রেও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৬.৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড স্ক্রিন, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫২০০ নিটস উজ্জ্বলতা সমর্থন করে। ফলে তীব্র রোদের মধ্যেও স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যাবে। স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এতে রয়েছে চারটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ম্যাক্রো সেন্সর। সামনে রয়েছে অটোফোকাস সমর্থিত ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম চিপসেট। এর সঙ্গে রয়েছে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.১ স্টোরেজ। দীর্ঘ সময় গেমিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণে রাখতে এতে যুক্ত করা হয়েছে ৪৬০০ বর্গ মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক মটোরোলার নতুন হ্যালো ইউআই-এ চলবে। পাশাপাশি মোটো এআই ২.০ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার। পানি ও ধুলাবালি প্রতিরোধে এতে IP68 ও IP69 সুরক্ষা রেটিং রয়েছে। ভারতীয় বাজারে এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৪৭ হাজার ৯৯৯ টাকা।
সূত্র: গিজমোচায়না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



