দীর্ঘদিন নতুন হার্ডওয়্যার বাজারে না আনার পর অবশেষে নতুন ফিটনেস ডিভাইস উন্মোচন করেছে গুগল। প্রযুক্তি জায়ান্টটি এবার ‘ফিটবিট এয়ার’ নামে একটি স্ক্রিনবিহীন স্মার্ট ফিটনেস ব্যান্ড বাজারে এনেছে।

ইয়াহু টেকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ফিটবিট ব্র্যান্ড অধিগ্রহণের পর এটি গুগলের প্রথম বড় নতুন ফিটবিট ডিভাইস। ২০২৩ সালে ‘ফিটবিট চার্জ ৬’ বাজারে আসার পর এটিই নতুন প্রধান হার্ডওয়্যার উন্মোচন হিসেবে ধরা হচ্ছে। একই সঙ্গে গুগল তাদের ফিটবিট অ্যাপকে পুনর্গঠন করে ‘গুগল হেলথ’ নামে নতুন রূপ দিয়েছে।
নতুন ফিটবিট এয়ার মূলত একটি ছোট পেবল-আকৃতির ডিভাইস, যা বিভিন্ন ধরনের ব্যান্ডের সঙ্গে ব্যবহার করা যাবে। এতে আধুনিক ওয়্যারেবল ডিভাইসের প্রায় সব গুরুত্বপূর্ণ সেন্সর যুক্ত করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যায়াম, হাঁটাচলা, দৈনন্দিন কার্যক্রম এবং ঘুম পর্যবেক্ষণ করতে সক্ষম।
ডিভাইসটিতে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরিং সুবিধা রয়েছে। পাশাপাশি হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, অনিয়মিত হৃদস্পন্দন এবং সম্ভাব্য অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের মতো ঝুঁকি শনাক্ত করে সতর্ক করার সক্ষমতাও রয়েছে। গুগলের দাবি, নতুন স্লিপ স্কোর অ্যালগরিদম আগের তুলনায় ১৫ শতাংশ বেশি নির্ভুল।
এতে আরও রয়েছে এসপিওটু (SpO₂) সেন্সর, থ্রি-অ্যাক্সিস অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপ এবং তাপমাত্রা সেন্সর।
ফিটবিট এয়ারের অন্যতম আকর্ষণ হলো এটি নতুন ‘গুগল হেলথ’ অ্যাপ এবং ‘গুগল হেলথ কোচ’-এর সঙ্গে কাজ করবে। জেমিনি এআই-চালিত এই কোচ ব্যবহারকারীর ঘুম, ব্যায়াম ও স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দেবে। এমনকি ব্যবহারকারীরা সরাসরি এআই কোচের সঙ্গে কথাও বলতে পারবেন।
ডিজাইনের ক্ষেত্রেও গুগল বিশেষ গুরুত্ব দিয়েছে। ডিভাইসটির জন্য তিন ধরনের ব্যান্ড রাখা হয়েছে—পারফরম্যান্স লুপ, অ্যাকটিভ ব্যান্ড এবং মডার্ন এলিভেটেড ব্যান্ড, যা বিভিন্ন রঙে পাওয়া যাবে। এছাড়া বাস্কেটবল তারকা স্টিফেন কারির সঙ্গে যৌথভাবে একটি বিশেষ সংস্করণও তৈরি করা হয়েছে।
একবার চার্জে ফিটবিট এয়ার সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে বলে জানিয়েছে গুগল। ম্যাগনেটিক চার্জিং প্যাড দিয়ে মাত্র ৫ মিনিট চার্জেই একদিন ব্যবহার করা যাবে।
ফিটবিট এয়ারের সঙ্গে তিন মাসের ‘গুগল হেলথ প্রিমিয়াম’ সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। এতে ব্যক্তিগত স্বাস্থ্য বিশ্লেষণ, উন্নত স্লিপ রিপোর্ট, ফিটনেস পরিকল্পনা, মেডিক্যাল রেকর্ড সারাংশ এবং গাইডেড মাইন্ডফুলনেস সুবিধা থাকবে।
ডিভাইসটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। এটি ইতোমধ্যে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং আগামী ২৬ মে থেকে বাজারে পাওয়া যাবে। ফিটবিট এয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯.৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার টাকার কিছু বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



