গুগল জানিয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো তারা এমন একটি সাইবার হুমকি শনাক্ত করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সাইবার আক্রমণের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ (জিটিআইজি) জানিয়েছে, একটি হুমকিদাতা গোষ্ঠী এমন এক ধরনের ‘জিরো-ডে এক্সপ্লয়ট’ তৈরি করেছিল, যার মাধ্যমে বড় ধরনের সাইবার হামলা চালানোর পরিকল্পনা ছিল। এই ধরনের দুর্বলতা আগে থেকে শনাক্ত না হওয়ায় লক্ষ্যবস্তু প্রতিষ্ঠানগুলোর প্রতিরোধমূলক প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে না।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম Engadget–এর প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের ধারণা—কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যেই এই নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সেটিকে আক্রমণের উপযোগী করে তোলার চেষ্টা করা হয়েছিল। তবে গুগল নিশ্চিত করেনি, তাদের নিজস্ব Gemini মডেল এতে ব্যবহার করা হয়েছিল কি না।
গুগলের তথ্যমতে, সংশ্লিষ্ট গোষ্ঠী বড় পরিসরের সাইবার হামলার পরিকল্পনা করছিল। তবে আগেভাগে বিষয়টি শনাক্ত করতে পারায় সম্ভাব্য সেই হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে আগেই সতর্ক করা হয় এবং পরে তারা নিরাপত্তা ত্রুটিটি সংশোধন করে নেয়।
যদিও গুগল কোনো নির্দিষ্ট হ্যাকার গোষ্ঠীর নাম প্রকাশ করেনি, তবে তারা ইঙ্গিত দিয়েছে যে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার হামলায় আগ্রহী।
গুগলের বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যতের সাইবার নিরাপত্তা ঝুঁকির কেবল একটি ছোট উদাহরণ। তাদের ভাষায়, এটি “বরফখণ্ডের চূড়ামাত্র”।
বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন সাইবার নিরাপত্তা জোরদারে সহায়তা করতে পারে, তেমনি এটি ব্যবহার করে আরও জটিল ও বিপজ্জনক সাইবার হামলাও চালানো সম্ভব। ইতোমধ্যে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এআই ব্যবহার করে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত এবং প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
সূত্র: এনগ্যাজেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



