যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে গৌরবান্বিত করেছে একদল তরুণ রোবটিক্স শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাউথফিল্ডে অবস্থিত লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে গত ১৪ থেকে ১৬ মে অনুষ্ঠিত হয় রোবোফেস্টের ২৭তম আসর। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে নিজেদের তৈরি ও প্রোগ্রাম করা স্বয়ংক্রিয় রোবটের সক্ষমতা প্রদর্শন করেন।
প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় বিভাগ ছিল ‘বটলসুমো’, যেখানে স্বয়ংক্রিয় রোবটকে প্রতিপক্ষ রোবট অথবা একটি বোতলকে নির্ধারিত সীমানার বাইরে ঠেলে দিতে হয়। সিনিয়র ক্যাটাগরিতে অংশ নিয়ে বাংলাদেশ দল তৃতীয় স্থান অর্জন করে ট্রফি জিতে নেয়।
বাংলাদেশ দলের সাত সদস্যের মধ্যে ছয়জন ছিলেন আন্তর্জাতিক হোপ স্কুল বাংলাদেশ-এর শিক্ষার্থী এবং একজন ছিলেন সিলেটের একটি জাতীয় শিক্ষাক্রমভিত্তিক কলেজের শিক্ষার্থী। পুরো দলটি প্রশিক্ষণ ও তত্ত্বাবধান পেয়েছে রোবোনটস ক্লাবের কাছ থেকে।
দলের সদস্যরা হলেন মো. মানসিব আহসান (৭ম শ্রেণি), শায়ান সাদিদ জামান (৭ম শ্রেণি), ট্যাং তিয়েনসিং (৭ম শ্রেণি), নাসিফ আশাব খান জামি (৮ম শ্রেণি), আবদুর রহমান লাহি (১২শ শ্রেণি), ফারহান মোস্তফা (৯ম শ্রেণি) এবং আবরার হাসান (৯ম শ্রেণি)। দলের কোচ হিসেবে যুক্তরাষ্ট্রে যান মো. মুনজুর মোরশেদ।
প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতার পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। তারা বিভিন্ন দেশের দলের প্রস্তুতি, প্রযুক্তিগত সমস্যা সমাধান, দলগত সমন্বয় এবং বৈশ্বিক মানের STEM শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পায়।
বাংলাদেশ দলের কোচ ও রোবোনটস ক্লাবের প্রধান নির্বাহী পরিচালক মো. মুনজুর মোরশেদ বলেন, এই অর্জন শুধু একটি ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং সমস্যা সমাধানের দক্ষতার প্রতিফলন। আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য প্রমাণ করে, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বৈশ্বিক রোবটিক্স অঙ্গনে প্রতিযোগিতা করতে সক্ষম।
রোবোফেস্টের সহকারী পরিচালক শ্যানন পালোনিস বলেন, সিনিয়র বটলসুমো বিভাগে তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতার প্রমাণ, এবং তারা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার যোগ্যতা রাখে।
দলের সদস্য আবদুর রহমান লাহি বলেন, রোবোফেস্টে অংশগ্রহণ তাদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। রোবটিক্স শুধু যন্ত্র তৈরি নয়—এটি কৌশল, দলগত কাজ, ধৈর্য এবং চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার সমন্বয়।
বাংলাদেশভিত্তিক স্টিম ও রোবটিক্স শিক্ষা প্ল্যাটফর্ম রোবোনটস ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষা, রোবটিক্স প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের শিক্ষার্থীদের বৈশ্বিক রোবটিক্স ও প্রকৌশলভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



