সাইফুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচার-প্রচারণার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উকিয়ারা শিমুলতলী এলাকায় আতার কর্মী-সমর্থকদের দলবদ্ধভাবে বিভিন্ন বাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ এবং সাধারণ ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায়।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা কিংবা নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর যেকোনো ধরনের প্রচারণামূলক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ।
এ সময় স্থানীয় এক যুবক ভিডিও ধারণ করলে আতার কর্মী-সমর্থকরা তড়িঘরি করে স্থান ত্যাগের চেষ্টা করেন। ওই যুবক তাদের জানান, নির্ধারিত সময়ের পর নির্বাচনী প্রচার-প্রচারণা করা আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আতার এক কর্মী দাবি করেন, প্রার্থীরা আজ মাইকিং করতে পারবেন না, তবে লিফলেট বিতরণ ও ভোট চাইতে কোনো বাধা নেই।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা বলেন, “আমি নিজে বর্তমানে কোনো প্রচার-প্রচারণায় নেই। যারা এ কাজ করেছে, তারা হয়তো বিষয়টি জানতেন না। না জেনে ভুল করে থাকতে পারে। আমি খোঁজ নিয়ে দেখছি।”
এ প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, “আইন অনুযায়ী এই মুহূর্তে কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণার সুযোগ নেই। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে এবং তার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


