আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দলকে বিদায় বলেন ইংলিশ ডিফেন্ডার।

বিশ্বকাপ শুরুর প্রায় তিন মাস আগে ইংল্যান্ড জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই তারকা ফুটবলার। বিদায়ী বার্তায় ওয়াকার বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে ইংল্যান্ডের জার্সিতে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।”
২০২০ ও ২০২৪ ইউরোর রানার্সআপ ইংল্যান্ড দলের সদস্য ছিলেন ওয়াকার। এছাড়া ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছিলেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ৯৬টি ম্যাচ খেলেই তিনি বিদায় বললেন।
জাতীয় দলে নিজের ক্যারিয়ার নিয়ে ওয়াকার বলেন,‘পাঁচটি বড় টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করা, যেসব ফাইনালে আমরা উঠেছি সেখানে খেলা এবং এই ইংল্যান্ড দলের অংশ হতে পারা—বিশেষ করে যেসব খেলোয়াড় ও কোচের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি—সবই আমার জন্য বিরাট সম্মানের। কিন্তু আজ সেই অধ্যায়ের শেষ। আন্তর্জাতিক মঞ্চে আমার ক্যারিয়ারের একটি সুন্দর সমাপ্তি পেলাম।’
ইংল্যান্ডে যেসব কোচের অধীনে খেলেছিলেন ওয়াকার, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়াকার বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যেসব কোচের অধীনে কাজ করেছি—ফ্যাবিও কেপেলো, রয় হজসন, লি কার্সলে, গেরেথ সাউথগেট এবং থমাস টুখলেকে। তারা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন। অতীত ও বর্তমান সব সতীর্থকেও ধন্যবাদ জানাই, সবার জন্য রইল শুভকামনা।
সমর্থকদের উদ্দেশ্যে ওয়াকার বলেন, ‘আর সমর্থকদের বলব—বছরের পর বছর যে সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। ছেলেদের পাশে থাকুন, তারা আপনাদের সমর্থন চায়, যেন তারা দেশের জন্য গর্ব বয়ে আনতে পারে।’
২০০৯ সালে ফ্যাবিও ক্যাপেলোর অধীনে স্পেনের বিপক্ষে ওয়েম্বলিতে অভিষেক হয় ওয়াকারের। সেই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন স্কোট পার্কারের জায়গায়, যিনি এখন তার বর্তমান ক্লাব বার্নলির কোচ। কয়েক দিন পর সুইডেনের বিপক্ষে প্রথম একাদশে নেমেই ম্যাচসেরার পুরস্কার জেতেন ওয়াকার।
ক্লাব ফুটবলে ওয়াকার খেলেছেন শেফিল্ড ইউনাইটেড, নর্থ্যাম্পটন টাউন, টটেনহ্যাম হটস্পার, কুইন্স পার্ক রেঞ্জার্স, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি, এসি মিলান এবং বার্নলিতে। এরমধ্যে ম্যান সিটিতেই ক্যারিয়ারের সবচেয়ে সাফল্য পেয়েছেন ওয়াকার। ২০২৫ সালের জানুয়ারিতে ইতিহাদের ক্লাবটি ছাড়ার আগে খেলেছেন ৩১৯ ম্যাচ। ক্লাবটির হয়ে ১৭টি বড় শিরোপা জিতেছেন তিনি। সিটি ছেড়ে ধারে এসি মিলানে যোগ দেওয়ার পর গত বছরের জুলাইয়ে বার্নলিতে পাড়ি জমান ওয়াকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


