বর্তমান সময়ে আমরা যেন ডিভাইস ছাড়া চলতেই পারি না। আর এসব ডিভাইসের সঙ্গে থাকে চার্জিং ক্যাবল। তবে সমস্যা হলো, আমরা অনেকেই এর গুরুত্ব বুঝি না। নষ্ট হয়ে গেলে তখনই ক্যাবল নিয়ে চিন্তা করি। প্রযুক্তিবিদদের মতে, ক্যাবল নষ্ট হওয়ার পেছনে ব্যবহারকারীদের কিছু ভুল অভ্যাসই প্রধান কারণ।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল পেচট দীর্ঘদিন ধরে ক্যাবল নিয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণাগারে বিভিন্নভাবে ক্যাবলের ওপর পরীক্ষা চালানো হয়—টানা, বাঁকানো এমনকি এক্স-রে পরীক্ষার মাধ্যমে ভেতরের ক্ষতিও পর্যবেক্ষণ করা হয়। তিনি জানান, ক্যাবল কীভাবে পেঁচানো হচ্ছে, সেটি বড় কোনো সমস্যার কারণ নয়।
মাইকেল পেচট বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিশ্বাস করে এসেছেন যে ক্যাবল আলগাভাবে গোল করে পেঁচানো উচিত, খুব বেশি শক্ত করে নয়। তাঁর পরিচিত অনেকের মধ্যেও এই ধারণা প্রচলিত।
অন্যদিকে, মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান আইফিক্সইট-এর সহ-প্রতিষ্ঠাতা কাইল উইন্স জানান, ক্যাবল ছিঁড়ে যাওয়ার প্রধান কারণ হলো ক্যাবল ও প্লাগের সংযোগস্থলে চাপ পড়ে নষ্ট হওয়া। ব্যবহারের সময় বারবার এই অংশে চাপ সৃষ্টি হওয়ায় ক্ষতি হয়।
যুক্তরাষ্ট্রের ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ও ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রবার্ট হায়ার্স এ বিষয়ে বলেন, একই স্থানে বারবার বাঁক পড়লে ধাতব তারের গঠন দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে ক্ষতি জমতে থাকে এবং একসময় তা ভেঙে যায়—যেমন বারবার বাঁকানো একটি কাগজের ক্লিপ একসময় ভেঙে পড়ে।
যেসব অভ্যাসে ক্যাবল নষ্ট হয়
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের কিছু ভুল অভ্যাসের কারণেই ক্যাবল দ্রুত নষ্ট হয়ে যায়। অনেকেই ক্যাবল খুলতে গিয়ে তার অংশ টেনে ধরেন, ফলে সংযোগস্থলে চাপ পড়ে। আবার ছোট ক্যাবল টেনে লম্বা করার চেষ্টা করা হয়। চার্জে লাগানো অবস্থায় ফোন ব্যবহার করলে ক্যাবলে টান পড়ে, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়। এমনকি গাড়িতে ফোন রেখে দীর্ঘ সময় ক্যাবল সংযুক্ত রাখলেও ধীরে ধীরে ক্ষতি হয়।
বিশেষজ্ঞরা আরও বলেন, নিম্নমানের ক্যাবল দ্রুত নষ্ট হয়ে যায়। তাই খুব সস্তা ক্যাবল না কিনে ভালো মানের ক্যাবল ব্যবহার করা উচিত। বিশেষ করে ব্রেইডেড ক্যাবল তুলনামূলকভাবে বেশি টেকসই, কারণ এর বাইরের অংশ শক্ত হওয়ায় ভেতরের তার ভালোভাবে সুরক্ষিত থাকে।
চার্জিং ক্যাবল আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। সঠিকভাবে ব্যবহার না করলে এটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কিছু ছোট অভ্যাস পরিবর্তন করলেই ক্যাবল দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


